এ সরকার আসলে চালায় কে? প্রশ্ন নুরের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এ সরকার আসলে চালায় কে? প্রশ্ন নুরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের সরকারই গণঅভ্যুত্থানের নেতাদের জন্য একের পর এক মৃত্যু ফাঁদ তৈরি করছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। গতকাল রাতে নুরের ফেসবুক আইডি ও পেজ থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে একথা বলা হয়।

এডমিনের বরাত দিয়ে সেই পোস্টে লেখা হয়, ‘২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কার্যলয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের অতর্কিত হামলায় ভিপি নূরসহ অর্ধ শতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়। বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্যমতে সেদিন হাসিনাপন্থী কয়েকজন সেনা কর্মকর্তার পরিকল্পনায় এ ঘটনা ঘটে।

তাদের পরিকল্পনা ছিলো লাশ ফেলে দেশকে অস্থিতিশীল করা, এ ঘটনায় টার্গেটে ছিলো ভিপি নূর। আশ্চর্যের বিষয়, ঘটনার ১৯ দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনের বিষয়েও কোনো অগ্রগতি নেই।’

উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার কথা উল্লেখ করে আরো লেখা হয়, ‘ইতোমধ্যে গণঅভ্যুত্থানের আরেক নেতা সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপরও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ২ বার হামলার ঘটনা ঘটে। যা নিয়েও সরকারকে সেরকম সিরিয়াস দেখা যায়নি।

কিছুদিন পূর্বে গোপালগঞ্জে প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলা হলো। ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দায়িত্বে থাকাদের ব্যর্থতা কি স্পষ্ট নয়? এজন্য কারো বিরুদ্ধে কি কোন পদক্ষেপ নেয়া হয়েছে? তাহলে গণঅভ্যুত্থানের সরকারই কি গণঅভ্যুত্থানের নেতাদের জন্য একের পর এক মৃত্যু ফাঁদ তৈরি করছে? এ সরকার আসলে চালায় কে? কোথা থেকে এসব প্ল্যান হয়?’

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে পোস্টে সবশেষে লেখা হয়, ‘অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার বলে দিতে চাই, ভিপি নূরকে হত্যাচেষ্টার উদ্দেশ্য যারা হামলা চালিয়েছে অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদ মুক্ত করুন। অন্যথায়, দেশ চালাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা ফ্যাসিবাদের দোসরদের দ্বারা নাকানি-চুবানি তো খাবেন, সাথে জনতার দৌড়ানি খাওয়ার জন্য প্রস্তুত থাকুন।

ভিপি নূর শুধু গণঅধিকার পরিষদের নয়, ভিপি নূর তরুণ থেকে বৃদ্ধ এদেশের কোটি জনতার আবেগ-ভালোবাসা, অনুভূতির নাম। ভিপি নূরের বিষয়ে গড়িমসি করলে এই জনতা আপনাদেরও ছাড়বে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ