এ সরকার চালাক নয়, প্রতারক: আলাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সীমান্তে প্রতিদিন বাংলাদেশি হত্যার শিকার হচ্ছে। অথচ সরকার নীরব। বরং মমতার দোহাই দিয়ে চুক্তিগুলো পিছিয়ে দিচ্ছে। এ সরকার চালাক নয়, প্রতারক। বলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘ভারতের সাথে দেশবিরোধী গোলামি চুক্তি’র প্রতিবাদে আলোচনা সভায় এসব কথা বলেন। সভার আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।
আলাল বলেন, সীমান্তে প্রতিদিন বাংলাদেশিদের হত্যা করছে। কিন্তু সরকার প্রতিবাদ করছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ডেক্স অফিসারও একটা স্টেটমেন্ট দিতে সাহস পায় না। বরং এ সরকার মমতার দোহাই দিয়ে চুক্তিগুলো পিছিয়ে দিচ্ছে।
তিনি বলেন, কক্সবাজার-সেন্টমার্টিনের আকাশে উড়া বিমানের সব ট্যাক্স নেয় মায়ানমার। আর সুন্দরবনের দক্ষিণাঞ্চলের উপর উড়া বিমানের সব ট্যাক্স নেয় ভারত। তাহলে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব মানেটা কি হলো? এই সরকার নাকি চারবার ক্ষমতায়, তাহলে এসবের সমাধান করলো না কেন?
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, অনেকেই বলে এটা চালাক সরকার। কিন্তু এরা চালাক নয়, প্রতারক। এই যুবকরা যখন নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছিল, তখন সরকার তা মেনে নিয়ে সংসদে বিল পাস করেছিল। একই সাথে ডিজিটাল সিকিউরিটি আইন পাস করেছিল। এই সরকার কত বড় প্রতারক এটা দেখলেই বোঝা যায়।
তিনি বলেন, বাংলাদেশের মানুষকে একের পর এক আঘাত দিয়ে বোবা বানিয়ে, বিকলাঙ্গ করে সরকার তাদের ক্ষমতায়ন দীর্ঘায়িত করছে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য যা করার আমরা করছি। বিএনপি বড় দল হিসেবে যদি কোন কাজ বাদ থাকে, তাহলে আমাদের সাথী সঙ্গীদেরকে বলবো বিএনপি নীতি-নির্ধারকদের সাথে কথা বলুন। তাদেরকে বলুন একসাথে দাঁড়িয়ে বলতে হবে তোমাকে (আওয়ামী লীগ সরকার) আর চাই না। যদি না যায় কীভাবে যাবে সেই ব্যবস্থা করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদ। বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র সহ সভাপতি রাশেদ প্রধানসহ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ