এ সরকার সব নিষ্ঠুরতার সীমা অতিক্রম করেছে: জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ৯:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ৯:৫৮ অপরাহ্ণ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ওরা খেলতে চায়। খেলা মানে ওরা মারধর করতে চায়। প্রতিপক্ষের হাত-পা বেঁধে পুলিশের রাইফেলের সামনে দাঁড় করিয়ে তারা বলে খেলা হবে। আমরা বলি এটি কাপুরুষের পরিচয়। আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সপ্তম সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের মতো দলকে আজ যারা নেতৃত্ব দিচ্ছেন তারা জনগণকে ভয় দেখাচ্ছেন। হাত ভেঙে দিতে বলছেন, জ্বালিয়ে দিতে বলছেন। মানুষকে পুলিশ গুন্ডাপান্ডার ভয় দেখান। এ শাসন টিকবে না। আইয়ুব খানের বিরুদ্ধে এ দেশের মানুষ লড়াই করেছে। আজ ভয় দেখিয়ে শাসন করা ও লুটপাটের রাজত্ব কায়েম করা এই আপনাদের শাসন। এভাবে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। এ দল ক্ষমতায় থাকলে আমাদের ভবিষ্যৎ ভয়াবহ।
জোনায়েদ সাকি বলেন, আপনারা দেখেছেন পুলিশ কীভাবে তাক করে গুলি করছে। যুবদলের কর্মী শাওন এখানে নিহত হয়েছে। তারা এখন কন্ট্রাক্ট কিলার হিসেবে পরিণত হয়েছে। পৃথিবীর কোনো দেশে এমনটা হয়েছে কি না জানি না। দুই মাস আগে থেকে বলে রাখা বিএনপির সমাবেশ, রাত ১০টা পর্যন্ত কথা হলো। তারপর হঠাৎ তারা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রাতে তুলে নিয়ে গেল। একটা সমাবেশের জন্য হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো। এখন ডান্ডাবেড়ি পরে মায়ের জানাজায় হাজির হতে হচ্ছে। নিষ্ঠুরতার সীমা থাকে। এ সরকার সব নিষ্ঠুরতার সেই সীমা অতিক্রম করছে ভয় দেখানোর জন্য। ভয় দেখিয়ে তারা বলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো এত সোজা নয়।
তিনি আরও বলেন, আপনারা ঢাকা প্রেস ক্লাবের সামনে গেলে দেখবেন শিক্ষকরা শুয়ে আছেন। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছেন বেতন বাড়ানোর জন্য, চাকরি স্থায়ী করার জন্য। এটা হলো অবস্থা। বাংলাদেশে শিক্ষার মান আর নেই। আজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের শিক্ষার অবস্থা আমাদের বুঝিয়ে দেয় শিক্ষার কী অবস্থা। কথায় আছে একটা জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিন। এ সরকার দেশকে এমন পর্যায়ে নিয়ে গেছে।
জনতার আওয়াজ/আ আ