ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠক মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ১৬, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ১৬, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি
জনতার আওয়াজ ডেস্ক
রাজনৈতিক দলগুলোর সাথে মঙ্গলবার (১৬ জুন) থেকে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে।
রোববার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে কমিশন।
এতে বলা হয়, কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্বে মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সাথে বৈঠকটি শুরু হবে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক ১৯ জুন পর্যন্ত চলবে।
আলোচনা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন-নিউজ সরাসরি সম্প্রচার করবে। বৈঠকে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন, পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করবেন।
এরআগে, ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক হয়।
সূত্র : ইউএনবি
জনতার আওয়াজ/আ আ