ঐতিহাসিক সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন লিটন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ২১, ২০২৫ ২:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ২১, ২০২৫ ২:৫৪ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি। সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো লঙ্কান মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই অর্জন ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে উৎসর্গ করেছেন অধিনায়ক লিটন দাস।
শেষ ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে। পাথুম নিশাঙ্কা সর্বোচ্চ ৪৬ রান করেন। বাংলাদেশের হয়ে শেখ মেহেদি চারটি উইকেট নেন।
জবাবে খেলতে নেমে তানজিদ হাসান তামিমের ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে ২ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচটি শেষ হয় ১৬.৩ ওভারে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, ‘এখন যেহেতু জুলাই মাস, আজ ১৬ জুলাই, শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা উৎসর্গ করতে চাই।’
ওয়েস্ট ইন্ডিজে ২০২৪ সালের ডিসেম্বরে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের অভিজ্ঞতার কথা টেনে লিটন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কা—দুই জায়গাতেই সিরিজ জেতা আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। দুই দলই টি-টোয়েন্টিতে শক্ত প্রতিপক্ষ।’
এর আগে, ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে হেরে সেই সুযোগ হাতছাড়া করে। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়ল টাইগাররা।
জনতার আওয়াজ/আ আ