ওয়ার্ড প্রশাসক নিয়োগ জাতীয় নির্বাচনে পেছানোর চক্রান্তের অংশ: ইশরাক - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওয়ার্ড প্রশাসক নিয়োগ জাতীয় নির্বাচনে পেছানোর চক্রান্তের অংশ: ইশরাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে সিটি করপোরেশনে ওয়ার্ড প্রশাসক নিয়োগ হবে। জাতীয় নির্বাচন পিছানোর নানান চক্রান্ত চলছে। এগুলো তারই অংশ। এরসাথে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। কেউ এসব ফাঁদে পড়বেন না। কেউ ভুলে বা না জেনে এই প্রক্রিয়ায় যুক্ত হবেন না।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, বাংলাদেশে যে রক্তাক্ত গণঅভ্যুত্থান হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, ভোটের অধিকার নিশ্চিত করা। পাশাপাশি জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। আমরা মনে করি ওয়ার্ড প্রশাসক নিয়োগের চক্রান্ত দেশের গণতন্ত্র এবং ভোটাধিকারকে আবারও পদদলিত করা। এই চক্রান্ত রোধ করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শুরু থেকেই সহযোগিতা করে আসছি। ৫ আগষ্টের পর হাসিনা পালিয়ে যাবার পর ১৪দিন পর দেশে কোনো পুলিশ ছিলো না। আমরা তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরাই রাত জেগে পালাক্রমে জনগণের নিরাপত্তা দিয়েছি। জানমালের নিরাপত্তার দিয়েছি। পরবর্তীতে আতঙ্কগ্রস্ত পুলিশকে থানায় বসিয়ে দিয়েছি। আমরা জনগণের পক্ষে ছিলাম, অধিকার রক্ষায় কাজ করেছি, নগরবাসীর পাশে থেকেছি। এটি আমাদের নতুন করে প্রমান করার দরকার নেই। আবার যদি জনগণের অধিকারের জন্য রাজপথে নামতে হয়, ভোটের অধিকারের জন্য আন্দোলন করতে হয় প্রয়োজনে তাই করবো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আরিফ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, শ্রমিক দলের ঢাকা মহানগর আহবায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ