ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় বিএনপির গভীর উদ্বেগ ও নিন্দা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) আজ দুপুরে সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি জানায়, হামলাটি নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ। দলটির পক্ষ থেকে বলা হয়, দেশের একটি চক্র সহিংসতা ও আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা আদায়ের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের পর গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নাশকতার চেষ্টা চলছেই এবং শরিফ ওসমান হাদির ওপর হামলা তারই নির্মম বহিঃপ্রকাশ।
বিবৃতিতে আরও বলা হয়, এসব সন্ত্রাসী তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে লক্ষ্য করে চালানো হচ্ছে। নাশকতাকারীদের কঠোর হাতে দমন এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানায় বিএনপি। পাশাপাশি, দলমত নির্বিশেষে গণতন্ত্র ও মানুষের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বিএনপি হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেছে।
জনতার আওয়াজ/আ আ