কবির বিন আনোয়ার মন্ত্রিপরিষদের নতুন সচিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ২:৫২ অপরাহ্ণ

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। এবার তার স্থলাভিষিক্ত হচ্ছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার (১১ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর করা হবে।

আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নাজমুল আহসানকে পদোন্নতি দিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
কবির বিন আনোয়ার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তার বর্ণিল ও সাফল্যমন্ডিত দীর্ঘ পেশাগত জীবনে একাধারে মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনো করে যাচ্ছেন।
কবির বিন আনোয়ার ১৯৬৪ সালের ৪ জানুয়ারি সিরাজগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন।
জনতার আওয়াজ/আ আ