কমিটি রিপোর্ট দেওয়া পর্যন্ত কর্মচারীদের আন্দোলন না করার আহ্বান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কমিটি রিপোর্ট দেওয়া পর্যন্ত কর্মচারীদের আন্দোলন না করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৬, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৬, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা কমিটি আজ বিকেলে বৈঠক বসবেন। যত তাড়াতাড়ি সম্ভব একটা রিপোর্ট উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। সে পর্যন্ত সরকারি কর্মচারীদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (১৬ জুন) সচিবালয়ে জাতিসংঘের বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, সরকারি যে চাকরি আইন রয়েছে সেটার বিষয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানসহ আমাদের একাধিক উপদেষ্টা বলেছেন, এখানে অবশ্যই পুনর্বিবেচনার অবকাশ রয়েছে। আমি বিদেশে ছিলাম, আইনটি প্রণয়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না। পরে যখন আমি আইনটি দেখেছি, দেখার পর আমার কাছে মনে হয়েছে এটা অবশ্যই পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

আসিফ নজরুল বলেন, শুধু একটা বিষয় আমি বলতে পারি– সরকার কোনো অসৎ উদ্দেশে আইনটি করেনি। অসৎ উদ্দেশে আইন করা না হলেও কোনো কোনো আইনের মধ্যে এমন বিধান থাকতে পারে, এ আইনের যারা সাবজেক্ট তাদের কাছে মনে হতে পারে তারা বিড়ম্বনা বা হয়রানির শিকার হতে পারেন।

আমরা স্বীকার করি এরকম সম্ভাবনা এ আইনের মধ্যে থাকতে পারে। এটি মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন, আমরা শুধু গেজেট নোটিফিকেশন করেছি, যোগ করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, আজ বিকেল ৪টার দিকে আমরা প্রথম মিটিংয়ে বসব। সরকারি কর্মচারী ভাইয়েরা যে দাবিগুলো দিয়েছিলেন সেই কাগজগুলো আমার কাছে আছে। সেগুলো আমরা কীভাবে বিবেচনা করব, কী বিবেচনা করব– সেগুলো ঠিক করব। ঠিক করার পর ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা রিপোর্ট উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলব। আমরা রিপোর্ট বা প্রস্তাব দেব, সিদ্ধান্ত নেওয়ার মালিক না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ