কর্মকর্তা-আনসার সদস্যদের কুপিয়ে সোনালী ব্যাংকের টাকা লুট - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কর্মকর্তা-আনসার সদস্যদের কুপিয়ে সোনালী ব্যাংকের টাকা লুট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে নগদ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে শহরের শহিদ বরকত স্টেডিয়ামের কাছাকাছি রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চারজনকে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর সদরের সোনালী ব্যাংকের এজিএম মো. শহিদুজ্জামান বলেন, প্রতি দিনের মতো গাজীপুরের তাজউদ্দীন মেডিকেলে সোনালী ব্যাংকের উপশাখা থেকে ‘ক্যাশ ক্লোজ’ করে টাকা নিয়ে ব্যাংকের মূল শাখায় আসছিলেন ব্যাংকের দুই স্টাফ ও দুই আনসার সদস্য। এ সময় ৬টি মোটরসাইকেলে ১২ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অন্ত্রের মুখে জিম্মি তাদের গাড়ির গতিরোধ করে টাকার ব্যাগ ধরে টানাটানি করে।

একপর্যায়ে দুর্বৃত্তরা ওই উপশাখার ইনচার্জ আতিকা বেগমসহ চারজনকে কুপিয়ে আহত করে। এ সময় এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

ওই কর্মকর্তারা জানান, তাদের ব্যাগে ৮ লাখ টাকা ছিল। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিকাল পৌনে ৫টার দিকে শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল সোনালী ব্যাংকের উপশাখার দুজন নারী কর্মচারী ও দুজন আনসার ৭ লাখের মতো টাকা নিয়ে পুলিশকে ইনফর্ম না করে জোরপুকুর সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় নিয়ে যাচ্ছিলেন। পথে শহরের রথখোল এলাকায় ৩-৪টি মোটরসাইকেলে এসে তাদের আক্রমণ ও কুপিয়ে তাদের টাকার ব্যাগ নিয়ে গেছে। তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এজিএম শহিদুজ্জামান জানান, তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ