কলারোয়ায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, দগ্ধ কাদের মারা গেছেন স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কলারোয়ায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, দগ্ধ কাদের মারা গেছেন স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ঘরে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় চিকিৎসাধীন আব্দুল কাদের মারা গেছেন। বৃহস্পতিবার (০১ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী শারমিন খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত আব্দুল কাদের উপজেলার চন্দ্রপুর গ্রামের আহাদ আলীর ছেলে।

জানা গেছে, বোনকে স্বামীর বাড়িতে পাঠানোকে কেন্দ্র করে কাদেরের সঙ্গে তার বোনের স্বামী সবুজ হোসেনের কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। এমনকি মোবাইল ফোনে কাদেরকে হুমকি-ধামকিও দিয়ে আসছিল সবুজ। বিষয়টি তিনি অতিসম্প্রতি স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও জানিয়েছিলেন। কয়েকদিনের মধ্যে একটি শালিস-বৈঠকের কথা ছিল। কিন্তু তার আগেই গত রবিবার মধ্য রাতে আব্দুল কাদেরের ঘর তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগান তার ভগ্নিপতি সবুজ। সে যশোরের শার্শা উপজেলার নারায়ণপুর পোড়াবাড়ি এলাকার আব্দুল বারীর ছেলে।

ভুক্তভোগীর বোন সুফিয়া খাতুন জানান, তার স্বামী সবুজ তাকে কারণে-অকারণে নির্যাতন করে। এজন্য তিনি স্বামীর ঘর করতে চায়নি। এসব নিয়ে তাদের ঝামেলা চলছিলো। স্বামী সবুজ তার ভাই কাদেরকে প্রতিনিয়ত মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় ক্ষিপ্ত হয়ে কাদের ঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন তার স্বামী সবুজ।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার রাত সাড়ে ৩টার দিকে আব্দুল কাদেরের ঘরের দরজা তালাবদ্ধ করে জানালা দিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন তার ভগ্নিপতি সবুজ। ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হলেও ঘর তালাবদ্ধ থাকায় বের হতে পারেননি। তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে জানালার রড ও তালা ভেঙ্গে তাদের উদ্ধার করে। এতে আব্দুল কাদের, তার স্ত্রী শারমিন ও শিশু কন্যা ফাতেমা অগ্নিদগ্ধ হয়। পরে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় আব্দুল কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ডালিম হোসেন বলেন, ঘরে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় আশাঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন আব্দুল কাদের, তার স্ত্রীর শারমিন ও তাদের শিশু কন্যা। আজ সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল কাদের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্ত্রী শারমিন খাতুনের শরীরের অধিকাংশ অংশই পুড়ে গেছে। তার অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধ আব্দুল কাদের ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি শুনেছি। পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় তার বোন সুফিয়া খাতুন (সবুজের স্ত্রী) বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সবুজের সহযোগী সোহাগকে আটক করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ মামলার প্রধান আসামি সবুজকে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ