কাকরাইল ও তার আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর পাইওনিয়ার রোড ও কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এমনকি এসব এলাকায় মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভেও নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার (২ নভেম্বর) রাজধানীর পাইওনিয়ার রোডের ৬৬ নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো
আগামীকাল শনিবার দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশের ডাক দিয়েছে জাতীয় পার্টি।
দলের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশ ডেকেছে তারা।
এদিকে জাতীয় পার্টিকে সমাবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
জনতার আওয়াজ/আ আ