কানাডায় নির্বাচনে আবারও লিবারেল পার্টির জয়, প্রধানমন্ত্রী মার্ক কার্নি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কানাডায় নির্বাচনে আবারও লিবারেল পার্টির জয়, প্রধানমন্ত্রী মার্ক কার্নি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
কানাডায় ফেডারেল নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছে লিবারেল পার্টি। এর মধ্য দিয়ে আবারও দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দেশটিতে ভোট অনুষ্ঠিত হয়। এ ভোটেই নির্বাচিত হয়েছেন কার্নি।

আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং ভূখণ্ড দখলের হুমকি ঘিরে আলোচিত কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টি।

দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা সিবিসি এবং সিটিভি নিউজ জানিয়েছে, সোমবার রাতে প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, লিবারেল পার্টি পার্লামেন্টের ৩৪৩ আসনের মধ্যে পেয়েছে ১৬২ আসন এবং কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪৯ আসন। এর ফলে, প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় থাকছেন।

অর্থনীতিবিদ পেশাজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করা কার্নি নির্বাচনে নিজেকে ট্রাম্পের চাপের মুখে কানাডার স্বার্থ রক্ষাকারী নেতা হিসেবে উপস্থাপন করেছিলেন। তবে এ ফলাফলের ভিত্তিতে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। যদি না পান, তাহলে তাকে হয়তো ছোট কোনো দলের সহায়তা নিয়ে জোট সরকার গঠন করতে হবে।

উল্লেখ্য, নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ও কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার মন্তব্য কানাডার রাজনীতিতে প্রবল প্রভাব ফেলেছে। ট্রাম্পের হুমকির জেরে কানাডায় দেশপ্রেমের জোয়ার তৈরি হয়। এ আবহে লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রী প্রার্থী মার্ক কার্নির জনপ্রিয়তা বেড়ে গেছে। রাজনীতিতে নবাগত কার্নি এর আগে কানাডা ও যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ