কারাগারে অসুস্থ বিএনপি নেতা ইশরাক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
কারাগারে আটক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। তার উপস্থিতিতে বাইডেনের ভুয়া উপদেষ্টাকাণ্ডে রাষ্ট্রদোহীর মামলায় রিমান্ড শুনানির জন্য দিন ছিল। তবে রিমান্ড শুনানির পরবর্তী ধার্য তারিখ এখনো ঠিক হয়নি।
বৃহস্পতিবার (৩০ মে) আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গত ১৯ মে ইশরাকের বিরুদ্ধে হওয়া ১২ মামলায় জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মো. তাহেরুল ইসলাম তৌহিদ। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ১১টি মামলায় জামিন দিলেও পল্টন থানার রাষ্ট্রদ্রোহের মামলায় নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় গত ২৬ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশ পরিদর্শক মো. কবির হোসেন হাওলাদার আসামির ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন।
এ বিষয়ে আসামি ইশরাকের উপস্থিতিতে শুনানির জন্য ৩০ মে দিন ধার্য করা হয়। মিথ্যার আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন।
মামলায় মিয়ান আরেফিসহ অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তারের পর গত ৩০ অক্টোবর মিয়ান আরেফিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।গত ৩১ অক্টোবর সাভার থেকে হাসান সারওয়ার্দী গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
জনতার আওয়াজ/আ আ