কারাবন্দি জাতীয়তাবাদী আদর্শের সব নেতাকর্মীর মুক্তি দাবি মুন্নার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর পাশাপাশি জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নুরুল ইসলাম নয়নসহ কারাবন্দি জাতীয়তাবাদী আদর্শের সব নেতাকর্মীর মুক্তি দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল মোন্নায়েম মুন্না।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে যশোর জেলা যুবদলের উদ্যোগে গরিব-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা থেকে এ দাবি জানান তিনি।
মোনায়েম মুন্না বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে থাকেননি, রণাঙ্গণে যুদ্ধও করেছেন। জিয়াউর রহমান এমন অমিত সাহসী একজন মানুষ ছিলেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা। তাঁর দেশপ্রেম ছিল অকল্পনীয়, অতুলনীয়।
তিনি বলেন, সেই বিএনপি আজকে দেশের প্রধান রাজনৈতিক দল। জনপ্রিয়তায় আওয়ামী লীগের চেয়ে বিএনপি অনেক এগিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পর তারেক রহমানের নেতৃত্ব আজ বিএনপিতে প্রতিষ্ঠিত। তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে বিএনপি আজ অত্যন্ত সুসংগঠিত।
মহান স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তীতে দেশ পরিচালনায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এক দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুবদলের এই সাধারণ সম্পাদক।
মোনায়েম মুন্না বলেন, শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আগেই যাতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি এবং দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারি তার ব্যবস্থা করতে হবে। এ জন্য আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনছারুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগমসহ জেলা যুবদলের নেতারা বক্তব্য রাখেন।
জনতার আওয়াজ/আ আ