কারামুক্ত হয়েই এলডিপিতে যোগ দিলেন আ. লীগের কেন্দ্রীয় নেতা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ২৪, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ২৪, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ ছেড়ে এলডিপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদ্য সাবেক সদস্য মো. শামসুল ইসলাম। গত ১৯ জুন এলডিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. এয়াকুব আলীর কাছে সদস্যপদের ফরম জমা দেন তিনি।
জানা যায়, আওয়ামী লীগ নেতা শামসুল ইসলামের বাড়ি সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন এলাকায়। ওই এলাকায় তার মালিকানাধীন কয়েকটি ইটভাটা রয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার অত্যন্ত অনুগত এই নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার আন্দোলন দমাতে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। বিপ্লব বড়ুয়ার মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামী লীগের পদটি বাগিয়ে নিয়েছিলেন তিনি। বিপ্লব বড়ুয়ার কারণে গণভবনে অবাধে যাতায়াত ছিল তার।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হলে গা-ঢাকা দেন শামসুল।
পলাতক অবস্থায় গত ২ মার্চ চট্টগ্রাম নগরের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এলডিপির এক নেতা জানান, সম্প্রতি জামিনে কারাগার থেকে মুক্তি পান শামসুল ইসলাম। এরপর সাতকানিয়া উপজেলা এলডিপির এক নেতার মধ্যস্থতায় আনুষ্ঠানিকভাবে ১৯ জুন এলডিপিতে যোগ দেন।
এ বিষয়ে জানতে চাইলে মো. শামসুল ইসলাম বলেন, অলি সাহেব আমার এলাকার এমপি ছিলেন।
আমি অন্য কাজে ঢাকায় গিয়ে উনার সঙ্গে দেখা করেছি। মূলত আমি কেঁওচিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচন করার চিন্তা করেছিলাম। আমার এলাকার সমর্থকেরা জোর করে এলডিপিতে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন। পরিবারসহ ঘনিষ্ঠজনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।
জনতার আওয়াজ/আ আ