কাস্টিং কাউচের শিকার হয়েছেন ভারতীয় অভিনেত্রী নয়নতারা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ

কাস্টিং কাউচ, যৌন হেনস্তা ও স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ভারতীয় ইন্ডাস্ট্রিগুলোও এর বাইরে নয়। ধীরে ধীরে এসব সমস্যা নিয়ে সরব হচ্ছেন অভিনয় শিল্পীরা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা। সম্প্রতি তিনি জানিয়েছেন, কাস্টিং কাউচের শিকার হয়েছেন তিনিও।
ভারতীয় এক সংবাদমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে নয়নতারা জানিয়েছেন, শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে একটি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। যদিও কে তাকে কোন সিনেমার অভিনয়ের জন্য এ ধরনের প্রস্তাব দিয়েছিলেন তা জানা যায়নি।
নয়নতারা বর্তমানে ‘জওয়ান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এ সিনেমায় আরও অভিনয় করছেন বাদশাহ শাহরুখ খান এবং দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি।
উল্লেখ্য, দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের বিষয়ে এর আগেও মুখ খুলেছেন বেশ কজন তারকা। যেমন ২০২০ সালে এ বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী আনুশকা শেঠী।
জনতার আওয়াজ/আ আ