কিছু হলেই খোঁজেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে : ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিছু হলেই খোঁজেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৭, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৭, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু হলেই খোঁজেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে। অথচ সরকারের লোকেরাই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরা তাই বলেছে। অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের।

তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতে সরকার নিজেই আগুন লাগাচ্ছে। উল্টো বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

সোমবার(১৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আমাদের দেশে কৃষকদের শুধু অবহেলা নয়। তাদেরকে চরম কষ্টের মধ্যে ফেলে দিয়েছে এই সরকার। তারা মাথায় হাত দিয়েছে। হঠাৎ করে প্রতি কেজি সারে পাঁচ টাকা দাম বাড়িয়েছে। কারণ এই সরকারকে আইএমএফ শর্ত দিয়েছে কৃষকদের ভর্তুকি দেওয়া যাবে না। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হয়। এইজন্যে ভর্তুকি দেওয়া হয়। তারা ফসল ফলায় আমাদের পেটে ভাত গোগায়। তাদেরকে যদি ভর্তুকি না দেওয়া হয় তাহলে তারা ফসল ফলাতে পারবে না।

তিনি বলেন, বর্তমান সরকার তার কাছের লোকদের টিকিয়ে রাখার জন্য কাজ করছে। এই সরকার সাধারণ মানুষের সরকার নয়। চাল, ডাল, তেল, লবণ সবকিছুর দাম কি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে! কিন্তু সরকারি ব্যাপারে কিছু বলে না। তারা বলে জিনিসপত্রের দাম সহনশীল পর্যায়ে আছে। আয় বেড়েছে। কাদের আয় বেড়েছে? আয় বেড়েছে আওয়ামী লীগের, আয় বেড়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। যারা চুরি করে, ডাকাতি করে, যারা মানুষের লুট করে খায়। তাদের আয় বেড়েছে।

মির্জা ফখরুল বলেন, এত আগুন লাগছে কেন? কারণ এই ঘটনা গুলো ঘটছে পরিবেশ বিপর্যয়ের কারণে। পরিবেশের বিপর্যয় কে করেছে? এই সরকার আজকে যেখানে জায়গা পায় সেখানে বিল্ডিং তৈরি করে দেয়। মার্কেট বানিয়ে দেয়। যাতে করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা চাঁদা তুলতে পারে।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, আপনারা খুঁজে বেড়াচ্ছেন বিএনপিকে? কিছু হলেই বিএনপি। উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে চায়! ওখানে তো ব্যবসায়ীরা বলেছেন, ভোর সাড়ে পাঁচটার দিকে সিটি কর্পোরেশনের পোশাক পরিহিত লোক এসেছিলেন। তারা সামনের ওভারব্রিজ গ্রিল মেশিন দিয়ে ভেঙ্গে দিচ্ছিলেন। ওই কর্মীরা যখন গ্রিল মেশিনের তার লাগাতে গিয়েছিলেন। তখন শর্ট সার্কিট হয়েছিল। এটা ব্যবসায়ীরা নিজেরা দেখেছেন, তারা বলেছেন। তারপরে সেখানে আগুন লেগেছে। সিটি কর্পোরেশন লোকেরা আগুন নেভানোর চেষ্টাও করেছেন। আগুন নেভাতে যখন পারেনি তখন তারা পালিয়ে গিয়েছে। এটা আমার কথা না। এটা সেখানকার ব্যবসায়ীদের কথা।

সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে কে এমন প্রশ্ন তুলে ফখরুল বলেন, দায়িত্বে আছেন আপনারা। আওয়ামী লীগ। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। আগুন লাগার পেছনে আওয়ামী লীগ আছে। দাবি উঠেছে সারের দাম কমাও, তেলের দাম কমাও। আমাদেরকে বাঁচতে দিতে হবে। সামনে আমাদের ভোটের অধিকার দিতে হবে। এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য আর মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে নেওয়ার জন্য আওয়ামী লীগই আগুন লাগিয়ে যাচ্ছে।

‘‘ধৈর্যের একটা সীমা আছে। পরিষ্কার কথা সারের দাম কমাতে হবে। প্রতিবাদ করলে কি? গুলি, গ্রেফতার ,মামলা ,গায়েবী মামলা। তারা মামলায় নাম দেয় ৪০ জনের। আবার অজ্ঞাতনামা দেড় হাজার। এভাবে তারা ধরে নিয়ে যায় আর টাকা নেয়। মানুষের উপরে তাদের কোন দয়া মায়া নেই। কারণ তারা জনগণ দ্বারা নির্বাচিত হয় না’’।

মির্জা ফখরুল বলেন, মানুষ আর সহ্য করবে না। পরিষ্কার করে আমরা বলে দিয়েছি, এই সরকারকে সরাতে হবে। এই সরকার যতদিন থাকবে ততদিন মানুষের উপর অত্যাচার বাড়বে। আমাদের সাংবাদিকরা লিখতে এখন ভয় পায়। লেখার আগে চিন্তা করে কি লিখব! এটা লিখলে আমার নামে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হবে কিনা! এবার আর সেটা চলবে না। আমরা সবাই একসাথে একযোগে বাংলাদেশকে রক্ষা করার জন্য একসাথে নেমেছি। ইনশাআল্লাহ আমরা এই আন্দোলনে জয়ী হব।

কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুগ্ম-সম্পাদক কৃষিবিদ ইউনুস আলী, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাইম প্রমুখ বক্তৃতা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ