কীর্তনখোলা নদীর পাড়ের বেলস পার্কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ২৪, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ২৪, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ

ডেস্ক নিউজ
বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকা তারুণ্যের সমাবেশে যোগ দিতে বরিশালে বেলস পার্কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।
আজ শনিবার দুপুরের পর কীর্তনখোলা নদীর পাড়ের বেলস পার্কে যৌথভাবে সমাবেশ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজকের সমাবেশে নতুন ভোটার ও তরুণদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্ব নির্ধারিত এই সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বেলস পার্কে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন অলিগলিতে অবস্থান করছেন তারা।
এ সময় বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
সকাল ১০টায় বেলস পার্কে গিয়ে দেখা যায়, মাঠের মধ্যবর্তী স্থানে মঞ্চ তৈরীর কাজ চলছে। প্রস্তুত করা হয়েছে মাইক। ব্যানার পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে মাঠের চারপাশ। নেতাকর্মী মাঠের চারপাশে অবস্থান করছেন।
এদিকে একই দিনে বেলস পার্ক থেকে আধা কিলোমিটার দূরে নগর ভবন ও শহীদ মিনারের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে যুবলীগ। পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে নগর জুড়ে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গণমাধ্যমকে জানান, সারাদেশে বর্তমান সরকারের আমলে প্রায় ৪ কোটি ৭০ লাখ নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য এ সমাবেশে হবে জনসমুদ্র।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ছাত্রদল তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে তরুণ সমাবেশ করতে পারবো।
জনতার আওয়াজ/আ আ