কুকি চিন'র আইইডি বিস্ফোরণ ও গুলিতে ২ সেনা নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুকি চিন’র আইইডি বিস্ফোরণ ও গুলিতে ২ সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ

 

বান্দরবানের রুমায় পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর দুজন সৈনিক নিহত ও দুই কর্মকর্তা আহত হয়েছেন।

বুধবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পাওয়া যায়। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট স্থানে অভিযানের উদ্দেশ্যে যাত্রা করে।

আইএসপিআর আরও জানায়, টহল দলটি জারুলছড়িপাড়ার কাছে পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে মঙ্গলবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণের মুখে পড়ে। এতে দুজন অফিসার ও দুজন সৈনিক আহত হয়।

আহতদের দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত দুই সৈনিক মারা যান। আহত দুই কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ