কুড়িগ্রাম ৪ -মহড়াসহ চলছে জমজমাট প্রচারণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ১:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : প্রতিনিধি
চারদিকে নদী জেলা থেকে বিচ্ছিন্ন উপজেলা ভাঙনে নিঃস্ব হয় প্রতি বছর শত শত পরিবার। সেই চিলমারী, রৌমারী ও রাজিবপুর তিন উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ সংসদীয় আসন। চিলমারী উপজেলা জেলার সঙ্গে সংযুক্ত সড়ক থাকলেও বাকি দুই উপজেলা জেলা থেকে বিচ্ছিন্ন। সংসদীয় আসন নদী দ্বারা বিচ্ছিন্ন থাকায় এই অঞ্চলের সংসদ নির্বাচনী ভোট বরাবরেই থাকে ভিন্নতা। দীর্ঘদিনের জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে এই আসন থাকলেও তা দখলে নিয়েছিল আওয়ামী লীগ। তবে এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনটি বিএনপি বা জামায়াতের দখলে যাবে বলে ভোটারদের মুখে মুখে চলছে আলোচনা। একদিকে বিএনপিতে কমছে না গ্রুপিং, অপরদিকে জামায়াত ব্যস্ত মাঠ গোছাতে, শোডাউনে। থেমে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ত্রয়োদশ নির্বাচনে আগ্রহী দলগুলো।
বিএনপি: এ আসনে বিএনপি’র একডজনেরও বেশি প্রার্থী চালাচ্ছেন প্রচারণা। চিলমারী থেকে এখানে বিএনপি’র ৪ মনোনয়নপ্রত্যাশী। এরা হলেন- চিলমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল বারী সরকার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মানিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আমিমুল এহসান জাকী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চিলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোছা. জিয়ারা খাতুন রোজীর নাম। রৌমারী উপজেলা থেকে শোনা যাচ্ছে ৮ জনের নাম। এরা হলেন- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও রৌমারী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আজিজুর রহমান, রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রুনজু, কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক সম্পাদক মমতাজ হোসেন লিপি, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আবুল হাশেম, আবুল কালাম আজাদ, উপজেলা তাঁতী দলের সভাপতি নাহিদুল হক নাহিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ। রাজিবপুর উপজেলা থেকে মনোনয়ন পেতে দৌড়ে রয়েছেন রাজিবপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মোকলেছুর রহমান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য ইলিয়াস মো. মিরন মিয়া। এ ছাড়াও কুড়িগ্রাম-৪ আসন থেকে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী হিসেবে কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবির ও নদী চর ও জলবায়ু বিশেষজ্ঞ ড. সাদ কাশেমেরও নাম শোনা যাচ্ছে। তবে বিএনপি’র নেতারা জানান, তাদের মধ্যকার দ্বন্দ্ব দূর হয়ে যাবে এবং তারা সকলে এক প্ল্যাটফরমে কাজ শুরু করবে এবং তারাই এই আসন থেকে নির্বাচিত হবে।
জামায়াত: ইতিমধ্যে জামায়াতের একক প্রার্থী হিসেবে দল থেকে ঘোষণা দেয়া হয়েছে জামায়াতে ইসলামীর রৌমারী উপজেলার সাবেক আমীর মোস্তাফিজুর রহমান মোস্তাকের নাম। তাই জামায়াত এখন প্রার্থীকে নিয়ে গণসংযোগসহ মাঠ গোছাতে ব্যস্ত সময় পাড় করছে এবং তারা আশাবাদী ভোটাররা এবার তাদের চাচ্ছে এবং তারাই এই আসনে বিজয় হবে।
ইসলামী আন্দোলন: ইতিমধ্যে চিলমারীতে অনুষ্ঠিত এক সমাবেশের মাধ্যমে দলটির নায়েবে আমীর একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন ইসলামী আন্দোলনের রৌমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের। প্রচারণায় থেমে নেই দলটির নেতাকর্মীরা। এ ছাড়াও চিলমারী উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান সহ-অধ্যাপক মো. রুকুনুজ্জামান শাহীন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে তিনি স্বতন্ত্র না কোনো দল থেকে নির্বাচনে অংশ নিবেন সেটি নিশ্চিত করেননি। এদিকে আলোচনায় রয়েছে ইসলামী দলগুলো। একক নাকি জোট হয়ে নির্বাচন করবে, জোট হলে হিসাবনিকাশে ভিন্নতা আসবে বলেও মতামত প্রকাশ করেছেন স্থানীয়রা।
জনতার আওয়াজ/আ আ