কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির বহিস্কৃতরা দলে ফিরতে চান - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির বহিস্কৃতরা দলে ফিরতে চান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ

 

দলের নির্দেশ অমান্য করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দলে ফিরতে চান। ইতোমধ্যে দলের কাছে আনুষ্ঠানিক ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছেন তারা।

রবিবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা নগরীর একটি রেষ্টুরেন্টে গত সিটি নির্বাচনে অংশ নেয়া ৯ প্রার্থী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় কুসিক নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র পদে নির্বাচন করা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন কায়সার লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, আমরা কোন পদে আছি কি নেই সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের দেশ নায়ক তারেক রহমান ডাক দিয়েছেন গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। এই মুহুর্তে কে কোন পদে আছি বা আমরা বহিস্কার না আবিস্কার তা শোনারও আমাদের সময় নেই।

‘কারণ, গণতন্ত্রের মা, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী আজ বন্দি। নির্যাতিত, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ নির্বাসিত। সুতরাং আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে আমরা এখন রাজপথে আছি।’

তিনি আরও বলেন, আগামী ২৬ নভেম্বর কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। গত সিটি নির্বাচনে আমরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিয়ে ভুল করেছি। আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা দলের বাইরে যেতে পারবো না। আমরা হাই-কমান্ডের কাছে আবেদন করেছি। আশা করি শিগগিরই আমাদের ভুল ক্ষমা করে দলে ফিরিয়ে নেবেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপি সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এ বারী সেলিম, বহিস্কৃত বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থীরা- সাবেক কাউন্সিলর সেলিম খান, সদর দক্ষিণ পৌরসভার সাবেক সভাপতি শাহ আলম মজুমদার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, সাবেক সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, সদস্য নাসির উদ্দিন, মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার কাকলি, আব্দুল্লাহ আল-মোমেন, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ