কেন্দ্রগুলোকে কুকুর-বিড়াল পাহারা দিয়েছে আর প্রশাসন ভোট দিয়েছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, সরকার বলছে তারা জনগণের ভোটে নির্বাচিত। কোন জনগণ ভোট দিলো, তা আমাদের জানা নেই। কেন্দ্রগুলোকে কুকুর-বিড়াল পাহারা দিয়েছে আর প্রশাসন ভোট দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের একটি রেস্টুরেন্টের হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতে আন্দোলন করছে বিএনপি। অবৈধ সরকার তাতে বাধা দিচ্ছে। একের পর এক মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে। এ সরকারে পাশে কেউ নেই। তাদের মেরুদণ্ড নেই। দেশ নিয়ে এ সরকারের কথা বলার কোন অধিকার নেই।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, খেলা হবে রাজপথে আসুন রাজপথে খেলি, পুলিশকে সামনে দিয়ে আপনারা অস্ত্র নিয়ে খেলবেন না। খুন, ধর্ষণ, অত্যাচার- নির্যাতন করবেন এসবই আপানাদের খেলা। আর আমাদের খেলা রাজনৈতিক খেলা। শারিরীক শক্তি আর মানসিক বল যেটা আমাদের শিখিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সেই খেলা খেলতে চাই।
দেশে স্বাধীনতা নেই,গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন,সরকার বলে বেড়াচ্ছে তারা নাকি জনগণের নির্বাচিত সরকার। প্রশ্ন হচ্ছে ভোট কে দিয়েছে? কুইকরেন্টাল পাওয়ার প্লান্টের নামে সরকার বিদেশে ৫৪ হাজার কোটি টাকা পাচার করেছে, আর দেশে লোডশেডিং হচ্ছে। বাংলাদেশের মানুষ কষ্টে আছে। প্লান্টের নামে ৫৪ হাজার কোটি টাকার শেয়ার কারা পেল?
এ অবৈধ ভোট ডাকাত, ভোট চোর, সন্ত্রাসী আর ধর্ষণের সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের ৬১৯ জন ছাত্রদলের নেতা গুম হয়েছে। এ সরকারের সকল অপকর্মের জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের পরিচালনায় আর্থিক অনুদান প্রধান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক প্রফেসর ড. মোর্শেদ হাসান খাঁন, মহিলা দলের কেন্দ্রিয় কমিটি’র যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরীন খাঁন, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ