কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় পুলিশি বাঁধায় পণ্ড বিএনপির কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির পদযাত্রা পুলিশি বাধায় পণ্ড হয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে এবং চারজনকে আটক করেছে বলে অভিযোগ বিএনপির। এছাড়া ঘটনাস্থলে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনকে অবরুদ্ধ করার অভিযোগও পাওয়া গেছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী বাইপাস থেকে জেলা বিএনপির কর্মসূচি হওয়ার কথা ছিল। বিএনপির এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই প্রশাসনের ব্যাপক তৎপরতা দেখা যায়। পদযাত্রা করার জন্য নেতাকর্মীরা সমবেত হতে শুরু করলে পুলিশ তাদের ধাওয়া ও লাঠিচার্জ করে।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সকাল থেকেই নেতাকর্মীরা ত্রিমোহনীতে জড়ো হতে থাকে। রাস্তায় আমাদের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করে পুলিশ। বিনা উস্কানিতে পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে এবং চার নেতাকর্মীকে আটক করেছে।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন বিএনপির দাবি নাচক করে দিয়ে বলেন, পুলিশ নেতাকর্মীদের উপর কোনো প্রকার লাঠিচার্জ করেনি এবং কাউকে আটকও করেনি।
জনতার আওয়াজ/আ আ