কোটা সংস্কার আন্দোলন : আজও উত্তাল রাবি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ১৭, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ১৭, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
বুধবার (১৭ জুলাই) বেলা ১১টা থেকে প্রশাসন ভবনের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে আন্দোলনকারীরা শহীদ হবিবুর রহমান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তখন আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেউই ক্যাম্পাস ছেড়ে যাবেন না।
এদিকে, কোটা সংস্কার আন্দোলনের জেরে উত্তেজনা বিরাজ করছে রাবি ক্যাম্পাসে। এ অবস্থায় আতঙ্কে হল ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, চলমান কোটা আন্দোলনে গতকাল সারাদেশে ছয়জন নিহত হয়েছে। এতে অনিশ্চয়তায় ভুগছেন তারা। বাড়ি থেকে অভিভাবকরা বারবার ফোন করে হল ছেড়ে বাড়ি চলে যেতে বলছেন। তাই আবাসিক হল ছেড়ে বাড়ি অথবা নিকটাত্মীয়ের বাসায় উঠবেন তারা।
অন্যদিকে, এখনও উত্তেজনা বিরাজ করায় পুরো বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।
জনতার আওয়াজ/আ আ