কোটা সংস্কার আন্দোলন : বৃষ্টি উপেক্ষা করে সড়কে ইবি শিক্ষার্থীরা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটা সংস্কার আন্দোলন : বৃষ্টি উপেক্ষা করে সড়কে ইবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৬, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৬, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ

 

ইবি প্রতিনিধি

ঝুম বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরুদ্ধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এ সময় প্রায় পৌনে এক ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। ফলে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে অ্যাম্বুলেন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিবহন অবরোধের আওতামুক্ত রাখা হয়।

শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হন শিক্ষার্থীরা। পদযাত্রা নিয়ে ক্যাম্পাসের পাশের শেখপাড়া ঘুরে মহাসড়কে অবস্থান নেন তারা। প্রথমবারের মতো ইবিতে এ আন্দোলনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখা যায়।

এ সময় তারা ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’। ‘কোটা না মেধা, মেধা মেধা’। ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’। ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’। ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’। ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ -এসব স্লোগানে প্রকম্পিত হয় মহাসড়ক।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আইরিন সুলতানা বলেন, আমরা নারী হয়েও নারী কোটা চাচ্ছি না। তাহলে সেই ৫৩ বছর আগের মুক্তিযুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা কেন কোটার সুবিধা ভোগ করবে?

অন্য এক শিক্ষার্থী বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের অবদান আমরা কখনো অস্বীকার করছি না। তবে কোটার ব্যবহারের ফলে একটা গোষ্ঠী শিক্ষা, চাকরি এবং সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছি। এটা বৈষম্য।

কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইবি শাখার সাবেক সাধারণ সম্পাদক সুইট বলেন, ‘আমাদের এই বৈষম্যবিরোধী সংগ্রাম একদিনের নয়। এই সংগ্রাম ১৯৫২ সাল থেকেই চলমান রয়েছে’।

তিনি আরও বলেন, আমার মনে হয় না মুক্তিযোদ্ধারা এই কোটা বৈষম্য টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করেছেন। তারা দেশে সাম্য প্রতিষ্ঠার জন্যই মুক্তিযুদ্ধ করেছেন। আমরা কোটা বাতিলের পক্ষে না, কোটা সংস্কারের পক্ষে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ