কোথাও কোথাও নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত ছিল, সংসদে জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোথাও কোথাও নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত ছিল, সংসদে জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন ধরনের হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি অভিযোগ করে বলেছেন, ‘কোথাও কোথাও ইলেকশন যেভাবেই হোক; ফলাফল একটা পূর্বনির্ধারিত ছিল এবং শিট বানিয়ে দেওয়া হয়েছে।’ এ সময় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। সরকারি দল ও অধিকাংশ স্বতন্ত্র এমপিদের প্রতিবাদ করতে দেখা যায়। এরপর জিএম কাদেরের বক্তব্য চলাকালীন ধারাবাহিকভাবে তাঁরা প্রতিবাদ করেন।

মঙ্গলবার (৫ মার্চ) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা এবং দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে জিএম কাদের এমন অভিযোগ তোলেন।

জিএম কাদের বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, তিন ধরনের ইলেকশন হয়েছে। কোনো কোনো এলাকায় সবগুলো সুষ্ঠু ইলেকশন হয়েছে। সেখানে কোনো ডিস্টার্বেন্স হয়নি। সাধারণত প্রতিযোগিতাহীন ইলেকশন হয়েছে। সেখানে কোনো শক্ত প্রার্থী ছিল না। সেখানে সরকারের সদিচ্ছা ছিল। শতভাগ সুষ্ঠু হয়েছে। তবে উপস্থিতি কম ছিল। আরেকটা হয়েছে ফ্রিস্টাইল। সেখানে মাসল পাওয়ার এবং মানি অবাধে ব্যবহার করা হয়েছে। সেটার মাধ্যমে ভোটকেন্দ্র দখল করা হয়েছে। বেশির ভাগ সময় এখানে সরকারি দল এবং বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা আমাদের প্রার্থী…। আরেকটা ছিল যেটা নিয়ে ব্যাপকভাবে অভিযোগ আমাদের অনেক নেতা-কর্মী প্রার্থীদের। ইলেকশন যেভাবেই হোক; ফলাফল একটা পূর্বনির্ধারিত ছিল এবং শিট বানিয়ে দেওয়া হয়েছে।’

সরকারি দলের ও অধিকাংশ স্বতন্ত্র এমপি এই বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকলে জিএম কাদের হেসে বলেন, এটা নাও হতে পারে।
জিএম কাদের বলেন, যদি সব দল নির্বাচনে আসে, বাধাশূন্যভাবে ভোট হয়, সেখানে ১৫ শতাংশ ভোট হলেও তা গ্রহণযোগ্য। আওয়ামী লীগ, বিএনপিসহ সব বড় দল নির্বাচনে অংশ নিলে এই মুহূর্তে ৯০-৯৫ শতাংশ ভোট পড়বে। আওয়ামী লীগ অথবা বিএনপির মতো একটি দল না এলে অংশগ্রহণমূলক নির্বাচন করা কঠিন। এতে মানুষ ভোটই দিতে আসে না।

নির্বাচনে ৪২ শতাংশ ভোট পড়া সম্ভব কি না তা দেখতে অঙ্ক করেছেন জানিয়ে জিএম কাদের বলেন, যে প্রেক্ষাপটে ছিল তাতে ৪২ শতাংশ ভোট দিতে গেলে সব ভোটকেন্দ্রের সামনে ৮ ঘণ্টা লাইন থাকার কথা। কিন্তু তা ছিল না। এ সময় সংসদ সদস্যরা হইচই শুরু করেন।

জিএম কাদের বলেন, ‘অনেকে বলেছেন ঘণ্টায় ৩-৪টার বেশি ভোট হয়নি। আমি আমার কথা বলছি না। ধারণার কথা বলছি।’ সংসদ সদস্যরা হইচই করেন। বিরোধীদলীয় চিফ হুইপকে বলতে শোনা যায়, শোনেন না। ধৈর্য ধরেন। জিএম কাদের বলেন, ৪২ যদি দেখানো হয় বাকি ব্যালটগুলো কীভাবে এল কার পক্ষে এল?

জিএম কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান মোতাবেক ও প্রচলিত আইন অনুযায়ী বৈধ হিসেবে গণ্য করা যায়। আইন অনুযায়ী তা বৈধ হয়েছে। কেউ বেআইনি ঘোষণা করেনি। কিন্তু সিংহভাগ মানুষ মনে করে ভালো নির্বাচন হয়নি, সঠিকভাবে জনমতের প্রতিফলন হয়েছে বলে মনে করে না।

তিনি বলেন, ‘আমি মনে করি আইনকানুন ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। যাঁরা দেখার কথা তাঁরা এড়িয়ে গেছেন, অনেক সময় লঙ্ঘনে সহায়তা করেছেন।’ সংসদ সদস্যরা হইচই করতে থাকলে স্পিকার বলেন, মাননীয় সদস্যবৃন্দ তাঁকে বলতে দিন।

জিএম কাদের বলেন, রাষ্ট্রপতি বলেছেন, নির্বাচনে জয় হয়েছে জনগণের গণতন্ত্রের। আমার জানামতে, দেশের বেশির ভাগ মানুষ এ কথার সঙ্গে একমত নয়। এই নির্বাচনে শুধু জয়ী হয়েছে সরকার ও সরকারি দল আওয়ামী লীগ। এই নির্বাচনের পর আওয়ামী লীগ ছাড়া জনগণের সঙ্গে সম্পৃক্ততা আছে এমন অন্য সব দল নিজস্ব নীতি আদর্শ নিয়ে টিকে থাকতে পারবে কি না সংশয়ের সৃষ্টি হয়েছে। এখন স্বাভাবিক রাজনীতি একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে বলে আমার আশঙ্কা।

তিনি বলেন, রাষ্ট্রপতি বলেছেন নির্বাচন বর্জনকারী দলগুলো স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পেরেছে। এই বক্তব্যের সঙ্গে তারা একমত নয়। মামলা দিয়ে জেলে বন্দী করা হয়েছে, হুলিয়া দিয়ে ঘরছাড়া করা হয়েছে। রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি। ধানখেতে বনে জঙ্গলে তাঁদের পালিয়ে বেড়াতে হয়েছে। তাঁদের পক্ষে এমন পরিবেশ ছিল না যে স্বাধীনভাবে কর্মসূচি পালন করতে পারবেন। সরকারি দল এই বক্তব্যের প্রতিবাদ জানায়।

জিএম কাদের আরও বলেন, সংবিধান ও আইন যেকোনো ধরনের নির্বাচনকে বৈধতা দিতে পারে। কিন্তু সবক্ষেত্রে তা সঠিক বা ভালো নির্বাচন বলে গ্রহণযোগ্য হবে সেটা সব সময় নিশ্চয়তা দিতে পারে না। তিনি বলেন, ষষ্ঠ নির্বাচনে ১৫ ফেব্রুয়ারি ২১ শতাংশ ভোট পড়েছিল। সব দল নির্বাচনে না এলে ভোট স্বতঃস্ফূর্ত হয় না। খুব গ্রহণযোগ্য হয়েছে সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে ৭৫ থেকে ৮২ শতাংশ ভোট পড়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ