কোরআন অবমাননা: দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোরআন অবমাননা: দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৭, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৭, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঈদুল আজহার দিনে সুইডেনের রাজধানী স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষোভে উত্তাল মুসলিম বিশ্ব। বারবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর অনুমতি দেয়ায় সুইডিশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে অনেক দেশে। এর প্রতিবাদে শুক্রবার (৭ জুলাই) রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মভিত্তিক দলগুলো।

এদিন জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করে খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়। এরপরেই বিক্ষোভ মিছিল বের করে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর। বিক্ষোভ মিছিল থেকে সংসদে সুইডেনের পক্ষে নিন্দা প্রস্তাব আনার দাবি জানানো হয়।

এদিকে কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশও। জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, কোরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সুইডেনে কোরআন পোড়ানো হয়নি, বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এই ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনভাবেই মেনে নিতে পারছি না।

বক্তারা আরও বলেন, কোরআনের অবমাননা কোনো মুসলমানদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। কেন এমন ঘটনা বারবার ঘটছে তা বের করে যথাযথ ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি আমরা। ধর্মভিত্তিক দলগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

দেশজুড়ে—
সাতক্ষীরা: স্টকহোমে কোরআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুমার নামাজ শেষে নিউ মার্কেট চত্বর থেকে জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসারের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে সঙ্গীতা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে, নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল হুদা, সেক্রেটারি জেনারেল মাওলানা আজিজুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা সুইডেনে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানান এবং শাস্তির দাবি জানান।

পাবনা: সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা ওলামা মাশায়েখ পরিষদ। আজ শুক্রবার জুমার নামাজ শেষে শহরের চাপা মসজিদ এলাকা থেকে মিছিলটি বের হয়। এতে সাধারণ মুসল্লিরাও অংশ নেন। এরপর বিক্ষোভ মিছিলটি বই লাইব্রেরি, খেয়াঘাট মোড়, শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড, ট্রাফিক মোড় ও ইন্দ্রিরা মোড় হয়ে বড় বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচী সমাপ্ত করা হয়।

টাঙ্গাইল: ‘মুসলিম তৌহিদী জনতা এক হও, এক হও। কোরআনের অপমান সইবে না আর মুসলমান’ -নানা স্লোগানে মুখরিত ও উত্তাল ছিল ঘাটাইল উপজেলার বিভিন্ন সড়কসহ সাগরদিঘী চৌরাস্তা। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদের হাজারো মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে কোরআনের অবমাননার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ মিছিল করে, সেইসাথে প্রতিবাদ সভায় মিলিত হন।

বক্তারা বলেন, সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমে আমাদের মহাগ্রন্থ আল-কোরআন পোড়ানোর ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় সুইডিশ সরকার এবং প্রশাসনের নিরব ভূমিকার তীব্র নিন্দাও প্রকাশ করেন বিক্ষোভকারীরা।

সাগরদিঘী সাব-রেজিস্ট্রি অফিস কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ফজলুল হক বিন মালেকের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা মো. হাবিবুল্লাহ বাহার এমএ, শাহী মসজিদ এবং নূরে মদীনা জামে মসজিদের ইমাম ও খতিবসহ হাজারও তৌহিদী জনতা।

দিনাজপুর: কোরআন অবমাননার প্রতিবাদে শুক্রবার বাদ ‍জুমা বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুর জেলা উত্তর জামায়াতে ইসলামী। জেলখানা মোড় থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বক্তাবা বলেন, বারবার সুইডেন সরকার কোরআন অবমাননার অনুমতি দিয়ে ইসলাম বিদ্বেষী উগ্রতা ছড়াচ্ছে। প্রতিবাদের স্বাধীনতা দেওয়া মানে বারবার একটি সম্প্রদায়ের ধর্মীয় গ্রন্থের অবমাননা করা নয়। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়া নীলফামারী, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলার কোরআন অবমাননার প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশের করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ