ক্ষমতায় থেকে নির্বাচন করতে চাইলে জবাব দেবে জনগণ : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ

গণদাবি উপেক্ষা করে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচন করতে চাইলে জনগণ সমুচিত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি না মানলে উদ্ভূত পরিস্থিতির জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকেই দায়ী থাকতে হবে।
আজ শনিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে দলীয় কার্যালয়ে উপজেলা জাসাসের কর্মিসভা, দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ঈদ-পুনর্মিলনী এবং বিকেলে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ডভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রিন্স বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন জনগণ আর মেনে নেবে না। রক্তচক্ষু দেখিয়ে লাভ হবে না।
তিনি বলেন, নতুন ধানের দাম না পেয়ে কৃষকরা হতাশ। একদিকে ধানের দাম নেই, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। সীমাহীন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, কল-কারখানায় উৎপাদন হ্রাস পাচ্ছে, কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে।
প্রিন্স বলেন, সরকারের ব্যর্থতায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সরকার তার দুঃশাসন টিকিয়ে রাখতে মানুষের সব অধিকার হরণ করেছে। জনদুর্ভোগ সৃষ্টিকারী, গণঅধিকার হরণকারী সরকারকে জনগণই পদত্যাগে বাধ্য করবে।
ওই সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মো. মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাশেম, শাহ মেম্বার, ইউপি চেয়ারম্যান হুমায়ুন হোসেন মাস্টার, সাবেক চেয়ারম্যান গাজীউর রহমান ও ফরিদ আল রাজি কমল, বিএনপি নেতা আবদুল খালেক, জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, যুগ্মসম্পাদক ফরহাদ আল রাজি, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহধর্মবিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক ওসমান গণি, সদস্য সচিব হাসান শাহ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কাসুম আলী, জেলা জাসাসের সহসভাপতি রাব্বি কায়সার আরাফাত উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ