ক্ষেতমজুরের জন্য জমা বিহীন পেনশন স্কিম জরুরি : রাশেদ খান মেনন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ২৬, ২০২২ ৫:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ২৬, ২০২২ ৫:২১ অপরাহ্ণ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, ‘আমরা সচিবদের বৃদ্ধ বয়সের নিরাপত্তা দিচ্ছি। অন্যান্য কর্মকর্তাদের বৃদ্ধ বয়সে নিরাপত্তা দিচ্ছি। তাহলে কৃষি কাজে যারা আছেন তাদের বৃদ্ধ বয়সে নিরাপত্তা কিভাবে দিতে পারব। এজন্য জমা বিহীন পেনশন স্কিম খুবই জরুরী।’
শনিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন আয়োজিত ‘খেতমজুর ও গ্রামীন শ্রমজীবীদের জন্য জমা বিহীন পেনশন’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলে।
রাশেদ খান মেনন বলেন, ‘এখন একটা অভিযোগ প্রায় শোনা যায় যে- গ্রামে কাজের জন্য লোক পাওয়া যায় না। এছাড়া এত বেশি তাদের দাম এখন, তাদের দিয়ে পোষানো সম্ভব হয় না। এ কথাটি প্রায়ই শোনা যায়। তার মানে এই না যে গ্রামে তাদের অনেক কর্মসংস্থান করা হয়েছে এবং তারা অনেক ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। তারা মূলত দেশের বাইরে চলে যায় ভালো সুযোগ সুবিধার জন্য। যার ফলে সেখানে নারীদের অংশগ্রহণ বেড়ে গেছে। গ্রামের ৭২ শতাংশ নারী এখন কৃষি কাজে অংশ নিচ্ছেন।’
তিনি বলেন, ‘স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা না করে যে আইন করা হবে, সেই আইনে স্টেকহোল্ডাররা সুবিধা পাবেন এটা মনে করার কোনো কারণ নেই। ইউনিভার্সেল পেনশন স্কিম বা খেতমজুরদের জন্য জমা বিহীন পেনশনের কথা বলি না কেন- এটা সরকারের দয়া-দক্ষিণা নয়, তারা নাগরিক হিসেবেই এটা পেতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে এ বিষয়টি চালু রয়েছে।’
সাবেক এই সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার দাবি করেন সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জন্য বাজেটে এবারও বহু টাকা বরাদ্ধ করা হয়েছে। সামাজিক নিরাপত্তার বিষয়ে বলা হয় বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে, বিধবা ভাতা দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমি এক সময় সমাজকল্যাণ মন্ত্রী ছিলাম। বর্তমানে আমি স্থায়ী কমিটির সভাপতি, এ বিষয়ে আমার একটু ধারণা আছে। সরকারের একটা সামাজিক নিরাপত্তা কৌশল এখানে আছে। কিন্তু যে ব্যক্তি এই ভাতার ৫০০ টাকা পান তার আসলে তেমন কিছুই হয় না। শুধু আত্মসম্মানটা বাঁচে।’
জনতার আওয়াজ/আ আ