খতিব নিয়ে বায়তুল মোকাররমে উত্তেজনা, সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পলাতক থাকা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের ফিরে আসাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজ শুরুর আগে এ ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
পলাতক থাকা বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয় বলে জানায় মুসল্লিরা। তাকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তারা।
মুসল্লিরা জানায়, জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করেন। বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির পর সংঘর্ষের ঘটনা ঘটে।

মসজিদের ভেতরে ভাঙচুর করা হয়। দরজা-জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সাধারণ মুসল্লিরা বায়তুল মোকাররম মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। এর কিছু পরেই মসজিদ থেকে স্লোগান দিতে দিতে একদল মুসল্লি বের হন।
খবর পেয়ে মসজিদে আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিলেন।
জনতার আওয়াজ/আ আ