খালেদা জিয়ার দূরদর্শিতাই বাংলাদেশের গণতন্ত্রের পথ দেখিয়েছে: মাইনুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার দূরদর্শিতাই বাংলাদেশের গণতন্ত্রের পথ দেখিয়েছে: মাইনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৫, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৫, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন এমন একজন নেত্রী, যার রাজনৈতিক উচ্চতা, সীমারেখা ও দূরদর্শিতা বিশ্লেষণ করতে অনেক সময় প্রয়োজন। আমাদের মতো ক্ষুদ্র কর্মীদের পক্ষে সেই বিশালতা পুরোপুরি তুলে ধরা সত্যিই দুরূহ।

সোমবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া-মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দৃষ্টি ছিল সুদূরপ্রসারী। বাংলাদেশের আগামী ১০ বছর, ৩০ বছর এমনকি ১০০ বছর পর কী ঘটতে পারে, তা তিনি আগেভাগেই অনুধাবন করতে পারতেন। ২০০৮ সালে তিনি যখন ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগান দিয়েছিলেন, তখন দেশের মানুষ সেই আহ্বানের গভীরতা পুরোপুরি বুঝতে পারেনি। তখন অনেকেই প্রশ্ন তুলেছিল—স্বাধীন দেশকে আবার বাঁচাতে হবে কেন?

মাইনুল ইসলাম বলেন, সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে, দেশনেত্রীই সঠিক ছিলেন। কীভাবে দেশের গণতন্ত্র ধ্বংস হবে, মানুষের অধিকার হরণ করা হবে, রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ভেঙে দেওয়া হবে—এই ভয়াবহ ভবিষ্যৎ একমাত্র তিনিই আগে থেকে বুঝেছিলেন। তিনি ছিলেন আমাদের প্রাণপ্রিয় মা, দেশমাতা এবং গণতন্ত্রের মা—বেগম খালেদা জিয়া।

তিনি আরও বলেন, ২০০৮ সালে দেওয়া তার সেই বক্তব্যই পরবর্তীতে বাস্তবে রূপ নিয়েছে। যখন বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে শুরু করে, তখন তার রাজনৈতিক দূরদর্শিতা আরও স্পষ্ট হয়ে ওঠে। এই নেত্রী ছিলেন বলেই দেশে গণতন্ত্র টিকে ছিল, এই নেত্রী ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ ছিল। তার নেতৃত্বের কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজও রাজনীতিতে সক্রিয় রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, এমন এক মহান নেত্রীকে হারিয়ে দেশ ও জাতি আজ শূন্যতার মধ্যে রয়েছে। তবুও গণতন্ত্রকামী মানুষের স্বপ্ন এখনো বেঁচে আছে। তিনি স্মরণ করিয়ে দেন, একসময় যখন দেশের গণতন্ত্র হরণ করা হয়েছিল, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, পত্রিকা বন্ধ করে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ ধ্বংস করা হয়েছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

পরবর্তীতে আবার যখন দেশ স্বৈরশাসনের কবলে পড়ে এবং সামরিক শাসন জেঁকে বসে, তখন ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে পুনরায় গণতন্ত্র উপহার দেন বলে মন্তব্য করেন তিনি।

মাইনুল ইসলাম বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকার দেশের যে ক্ষতি ও অন্যায় করেছে, সেই অবস্থা থেকে বাংলাদেশকে উদ্ধার করা হবে। দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে—এই আশা ও ভরসা বিএনপি রাখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের ওপর।

শেষে তিনি বলেন, এই আশাই আমাদের শক্তি, এই ভরসাই আমাদের প্রেরণা।

এসময় দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আয়োজক কমিটির সভাপতি নূর আফরজ বেগমসহ আরও অনেকে ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ