খালেদা জিয়ার জন্য নামাজ পড়ে দোয়া করি : শামীম ওসমান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার জন্য নামাজ পড়ে দোয়া করি : শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ৮:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ৮:১০ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘আমার সত্যি খালেদা জিয়ার জন্য কষ্ট লাগে। আমি তার জন্য নামাজ পড়ে দোয়া করি। শেখ হাসিনা বলেছিলেন, মানুষ অসুস্থ হলে সে যদি শত্রুও হয়, তার জন্য দোয়া করবে।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সুযোগ নিতে চান, খেলতে চান। আপনারা খেলবেন আমাদের সাথে, কবে খেলবেন বলেন। আমরাও খেলতে চাই। আপনারা ধ্বংসের পক্ষে, আমরা খেলবো ধ্বংসের বিপক্ষে। আপনারা খেলবেন সাম্প্রদায়িকতার ক্ষেত্রে, আমরা খেলবো অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে। ডেট দিন কবে খেলবেন।’

শনিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ২নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান।

তিনি বলেন, সারা বাংলাদেশে ঝামেলা করার দরকার কী? আসুন নারায়ণগঞ্জে খেলি। তারেক রহমান সাহেবের নির্দেশে খেলছেন। সাহেব বলছি, যদি আবার ওপর থেকে মারেন। মুসলমান একবার মরে, দুইবার মরে না।

শামীম ওসমান বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান দেশে আসলেন। ২২টি সংগঠন গেল, গিয়ে বললো, র‍্যাব এটা করেছে, সেনাবাহিনী এটা করেছে। এটা কেন বলতে ভুলে গেলেন আমাদের দেশে ১৫ লাখ রোহিঙ্গা এসে বসে আছে। এই পুলিশ, সেনাবাহিনী আমাদের গর্ব। এই র‍্যাবের ভূমিকা আপনারা অস্বীকার করতে চান? রোহিঙ্গা ইস্যু তো সবচেয়ে বড় বিষয়। বার্মায় গিয়ে কেন বলেন না রোহিঙ্গা ফেরত নাও নয়তো স্যাংশন দেওয়া হবে।

সামনে কঠিন সময় আসছে মন্তব্য করে শামীম ওসমান বলেন, ওরা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। ওরা ওদের জায়গায় ঠিক আছে। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বিভক্ত। বলেছিলাম, আমি স্লোগান দেব, আপনারা বক্তৃতা দিয়েন। সবাই তো বুঝল না। অনেকেই বুঝে না বোঝান ভান করেন। তারা আমাদের হুমকি দেন। শেখ হাসিনাকে ২১ বার মারার চেষ্টা করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী কত মানুষকে হত্যা-ধর্ষণ করা হয়েছে পত্রিকায় পাবেন। তখন কোথায় ছিল মানবাধিকার?

তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ হয়েছেন। আল্লাহ তাকে সুস্থ রাখুক। তাদের সময় আমার বাড়িঘরে আগুন দেওয়া হয়েছিল, আমার বহু লোককে হত্যা করা হয়েছিল। আমি যদি দোয়া করি আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। লন্ডন থেকে যিনি হুকুম দিচ্ছেন, ছেলে হয়ে তো আসলেন না বাংলাদেশে। বুকে কলজে নাই নাকি সাহস নাই? আপনি লন্ডনে আরামে থাকেন নিজের ছেলের বউ তো বড় নামকরা ডাক্তার। শাশুড়ি তো মায়ের মতোই। আমার মা যখন অসুস্থ, আমার বোনরা যেমন সেবা করেছে, আমার বৌও তেমনি সেবা করেছেন। তিনিও তো আসতে পারতেন, আসলেন না। তাদের একজন মেয়েও আছে। দাদীকে দেখতে তো একবারও আসলেন না। যারা তার কথায় নাচছেন, তারা কি ভেবেছেন যারা মায়ের জন্য আসে না, আপনি বিপদে পড়লে সে কি আপনার জন্য আসবে?

সমাবেশে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জের সভাপতি বাবু চন্দন শীল। মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আ.লীগের সহ-সভাপতি ওয়াজেদ আলী খোকন, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহসিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ