খালেদা জিয়ার জীবন বিপন্ন আর সরকার উল্লাস করছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ১২, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ১২, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার জীবন বিপন্ন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অথচ সরকার উল্লাস করছে। সরকারের উল্লাস অদিম-অরণ্যের উল্লাস। আদিমকালে শিকারকে আঘাত করে, তাকে কব্জায় নেয়ার পর শিকারী যেভাবে উল্লাস করত সেই আদিম উল্লাস করছে এই ফ্যাসিস্ট সরকার। গোটা জাতিকে বন্দি করে, গোটা জাতির বাক-স্বাধীনতাকে বন্দি করে, গোটা জাতির মৌলিক অধিকারকে বন্দি করে, সরকার এখন উল্লাস করছে পদ্মা সেতু দেখিয়ে।
রোববার (১২ জুন) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিদেশে উন্নত চিকিৎসা ও সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) জটিল সমস্যায় ভুগছেন। লিভারের জটিল সমস্যা, কারাগারে নেয়ার আগে চোখে অপারেশন হয়েছিল। সেই জরাজীর্ণ কারাগার, পুরোনো বিল্ডিংয়ের ধুলোবালি তার অপারেশন করা চোখে পড়েছে। এটাও একটা নির্যাতন। তারপর করোনা আসলো, সেই করোনার মধ্যেই তাকে বাসায় নিয়ে আসা হয়। তারপর ভুগলেন ভয়াবহ করোনায়। এর মধ্যে গতকাল আমরা জানলাম তার হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে বুঝুন কী করম শারীরিক অসুস্থতার মধ্যে তিনি পড়েছেন। আমি গতকাল দেখতে গিয়েছিলাম, দূর থেকে দেখেছি। দেশনেত্রীকে চেনা যায় না।
বিএনপির এই নেতা বলেন, পরিস্থিতি যখন এই, তখন কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী? পদ্মাসেতু নিয়ে কত আয়োজন করা হবে। কত জৌলুশ করা হবে। সেই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলায় জেলায় উৎসব করা হবে। কারণ তার মনের মধ্যে আনন্দ। একনায়ক শাসকের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যদি খুব খারাপ অবস্থায় থাকে, জীবন-যন্ত্রণায় শারীরিক অসুস্থতার মধ্যে থাকে তখন এটা তাদের জন্য আনন্দের হয়। শেখ হাসিনা সেই আনন্দই করছেন।
পদ্মাসেতুর প্রসঙ্গে তিনি বলেন, মনে হচ্ছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জন্য যে সেতুটি, সেটি একবারে নিজের পৈত্রিক টাকা থেকে তিনি বানিয়ে দিচ্ছেন। কিন্তু একবারও তিনি বললেন না যে, এটা অল্প টাকায় বানানো যেত। বিশ্ব ব্যাংক যে উদ্যোগ নিয়েছিল সেখানে তার মন্ত্রী, তার উপদেষ্টারা ঘুষ চাওয়াতে বিশ্ব ব্যাংক সেটা বাতিল করেছে। বিশ্ব ব্যাংক সবচেয়ে অল্প সুদে প্রকল্পে অর্থায়ন করে। এখন চীনের কাছ থেকে চড়া সুদ নিয়ে এতদিনে পদ্মাসেতু তিনি করেছেন। এই চড়া সুদের কারণে প্রায় ১ লাখ টাকা ঋণ নিয়ে নবজাতক শিশু তার মায়ের পেট থেকে জন্ম নিচ্ছে। এটা শেখ হাসিনার অবদান। গোটা জাতিকে, নবজাতক শিশুকে তিনি ঋণগ্রস্ত করেছেন।
রিজভী বলেন, সারা দেশের মানুষ এখন ঋণগ্রস্ত। মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা আগে যে টাকায় পণ্য কিনতে পারতেন, এখন তা পারবেন না। সাধারণ মানুষ চোখে অন্ধকার দেখছে। বৈশাখের ঝড়ের আগে যে ঘন অন্ধকার হয়, মানুষ চোখে চোখে সেই অন্ধকার দেখছে। শেখ হাসিনা বুঝতে পারছেন না গোটা জাতির সঙ্গে, মধ্য আয়ের মানুষের সঙ্গে, নিম্ন আয়ের মানুষের সঙ্গে, তাদের ক্ষুধা নিয়ে তামাশা করা হচ্ছে। তাদের দারিদ্র্য নিয়ে রসিকতা করা হচ্ছে। তিনি তাদেরকে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ