খুলনায় দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ

খুলনা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
খুলনা মহানগরীর দৌলতপুর যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান (৪০) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত মাহবুবুর রহমান ওই এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহবুবুর রহমান বাড়ির সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন হেলমেট পরা দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তারা পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওনি) মীর আতাহার আলী বলেন, ‘মাহবুবুর দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে পরে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুর্বৃত্তরা তার দু’পায়ের রগ কেটে পালিয়ে যায়।’
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। ঘটনার খবর পেয়ে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে যুবদলের এই সাবেক নেতার হত্যার খবর পেয়ে খুলনা মহানগর ও দৌলতপুরের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুমেক হাসপাতালে ছুটে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মাহবুবুর রহমানের মরদেহ খুমেক হাসপাতালের মর্গে আছে।
জনতার আওয়াজ/আ আ