খুলনার সমাবেশে আসার পথে হামলায় আহত জিকো মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ২৬, ২০২২ ১২:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ২৬, ২০২২ ১২:২৯ পূর্বাহ্ণ

গত ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসামবেশ সফল করার উদ্দেশে ট্রলারযোগে আসার পথে দুর্বৃত্তদের হামলায় আহত শেখ সাজ্জাদুল ইসলাম জিকো (৩৫) নামের এক বিএনপি কর্মী মারা গেছেন।
শুক্রবার (২৫ নভেম্বর) সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। শেখ সাজ্জাদুল ইসলাম জিকো ফুলতলা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। শুক্রবার বাদ আসর পায়গ্রাম কসবা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশু কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম গণমাধ্যমে বলেন, গত ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে নদীপথে আসার সময়ে ট্রলারে হামলার শিকার হন ফুলতলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ওই ট্রলারে শেখ সাজ্জাদুল ইসলাম জিকোও ছিলেন।
তিনি হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মাথায় ১২টা সেলাই লেগেছিল। আহত নেতাকর্মীদের দেখতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীসহ আমরা হাসপাতালে গিয়েছিলাম। পরে কিছুটা সুস্থ হলে তিনি বাড়িতে আসেন। আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, শেখ সাজ্জাদুল ইসলাম জিকোর জানাজায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা অধ্যাপক ডা. গাজী আব্দুল হকসহ অনেকে।
জনতার আওয়াজ/আ আ