খুলনা বিভাগীয় সমাবেশ : আজ মিছিলের নগরী খুলনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২২, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২২, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ

নিত্যপণ্যে দাম কামানো ও বেগম খালেদা জিয়ার মুক্তির ছাড়াও নানা দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। শনিবার থেকে এ সমাবেশ হওয়ার কথা থাকলে গতকাল থেকে এ বিভাগের নেতাকর্মীরা আসতে থাকে সভাস্থলে।
আজ সকাল ১০টা না গড়াতেই নেতাকর্মীদের ভিড়ে তিল ধারণের জায়গা নেই আশপাশের এলাকায়। বাস বন্ধ থাকায় নানা প্রতিবন্ধকতাকে মাড়িয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের মিছিলে পুরো খুলনা মিছিলের নগরীতে পরিণত হয়েছে।

মিছিলকারীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি বহন করছেন। অনেকের হাতে দলের নির্বাচনী প্রতীক ধানের শীষ দেখা যাচ্ছে। কেউ কেউ নেচে গেয়ে সমাবেশে যাচ্ছেন এবং মিছিলে সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দেওয়া হচ্ছে।

দুপুর ১২টার দিকে এমন চিত্র দেখা গেছে খুলনার সোনালী ব্যাংক চত্ত্বর মোড়ে। সমাবেশে দেখা যায়, বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজেদের জায়গা দখল করে নিয়েছেন। ইতোমধ্যে সোনালী ব্যাংক চত্ত্বর মোড়ে কোনো জায়গা নেই।
এদিকে গণপরিবহন বন্ধ হওয়ার আগেই বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের কাছে দলের পক্ষ থেকে কৌশলী হয়ে সমাবেশে যোগ দেওয়ার জন্য বার্তা দেওয়া ছিল। সঙ্গে শুকনো খাবার নিয়েও আসার নির্দেশনা ছিল।

নেতাকর্মীরাও সেভাবেই দফায় দফায় গাড়ি বদল করে, অটোরিকশা, ভ্যান, ট্রলারে করে সমাবেশে এসেছেন। অনেকে যোগ দিয়েছেন পায়ে হেঁটে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে যোগ দিতে শুক্রবার রাতেই খুলনা পৌঁছেছেন বিএনপি মহাসচিবসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এছাড়া ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাও খুলনায় অবস্থান করছেন।
জনতার আওয়াজ/আ আ