গণঅধিকার পরিষদের মিছিলে পুলিশি বাধার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীতে ভারতীয় পণ্য বয়কটের ডাকে বিক্ষোভ মিছিল করেছেন গণঅধিকার পরিষদের (একাংশ) নেতাকর্মীরা। শুক্রবার বাদজুমা কালভার্ট রোড থেকে এই মিছিল শুরু হয়। মিছিল শুরু হলে পুলিশের একটি দল এসে বাধা দেন এবং বলেন যে, রাজপথে ভারতীয় ইস্যুতে প্রোগ্রাম করার কোন অনুমতি নেই। পরে পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে নয়াপল্টন, জাতীয় প্রেসক্লাব হয়ে জামান টাওয়ারের সামনে গিয়ে শেষ করেন।
বিক্ষোভ শেষে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, আমরা ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের হাত থেকে মুক্তি না পেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না। আজকে পুরো বাংলাদেশটাকে ভারতীয় তাবেদার বাহিনী অক্টোপাসের মতন গিলে ফেলেছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গেলে অনেক ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও আমরা দেশ ও জাতির মুক্তির জন্য এ লড়াইয়ে নেমেছি।
গণঅধিকার পরিষদের সদস্য ভারপ্রাপ্ত সচিব ফারুক হাসান বলেন, এই লড়াই অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জিং জানা সত্ত্বেও আমরা রাজপথে নেমেছি। আমরা জানি ভারতের হাত থেকে দেশকে মুক্ত করতে না পারলে বিজয় আসবে না। সুতরাং ভারতীয় পণ্য বয়কটের আমাদের এ লড়াই চলবে।
মিছিলে আরও উপস্থিত ছিলেন গণনেতা তারেক রহমান, মোহাম্মদ আতাউল্লাহ, প্রফেসর মাহবুব হোসেন, সাংবাদিক আরিফুর রহমান তুহিন, মাহবুব জনি, এডভোকেট শিরিন আকতার, ইঞ্জিনিয়ার ফাহিম, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, মহানগর নেতা শফিকুল ইসলাম রতন, আব্দুল্লাহ, ফায়সাল আহমেদ, যুবনেতা সাকিব হোসাইন, সোহেল মৃধা, ছাত্রনেতা মোল্লা রহমতুল্লাহ, মুনতাসীর মাহমুদ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ