গণঅবস্থান কর্মসূচিতে যোগ দিলেন মির্জা ফখরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ

সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা ৫০ মিনিটে গণঅবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল।
এক মাস বন্দি থাকার পর অবশেষে কারামুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
এর আগে কর্মসূচি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রবাসে অবস্থান করা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গান পরিবেশ করেন সাংস্কৃতিক সংগঠন জাসাসের কর্মীরা। গান পরিবেশের সময় ঠোঁট মেলান গণঅবস্থানে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীরা।
এ ছাড়া উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
গণঅবস্থানে অংশ নিয়ে বিএনপি ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ ছাড়া গণঅবস্থান কর্মসূচির ফাঁকে ফাঁকে বক্তব্য দিচ্ছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
পূর্বঘোষণা অনুযায়ী বুধবার বেলা ১১টা শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত এ গণঅবস্থান কর্মসূচি চলবে। গণঅবস্থান কর্মসূচি থেকে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
জনতার আওয়াজ/আ আ