গণগ্রেফতার থেকে বিরত থাকতে গণঅধিকার পরিষদের আহ্বান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণগ্রেফতার থেকে বিরত থাকতে গণঅধিকার পরিষদের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
শান্তিপূর্ণ আন্দোলনে নাশকতা, গণগ্রেফতার ও জনমনে ভীতি সঞ্চারের অপতৎপরতা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পাতিবার (০২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বা‌ক্ষরিত এক বিবৃতি‌তে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, বিভিন্ন দৈনিক পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম, এমনকি র‍্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র, ডিএমপির পক্ষ থেকে ২ নভেম্বর ব্যাপক নাশকতার আশঙ্কা করে যে বক্তব্য রেখেছেন, তা বিরোধী দলসমূহের চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস হিসেবে দেশে ও আর্ন্তজাতিকভাবে দেখাতে তাদের সাজানো পরিকল্পনা ও গভীর ষড়যন্ত্রের অংশ। এতে উদ্বেগ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

যৌথ বিবৃতিতে নেতারা বলেন, হরতাল-অবরোধ জনগণের অধিকার আদায়ে স্বীকৃত কর্মসূচি। পৃথিবীর নানা দেশে স্বাধীনতাকামী ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলনের নেতারা এসব কর্মসূচি পালন করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ঘোষিত হরতাল, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে নানামুখী অপপ্রচার ও প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে। ইতোমধ্যে ২৮ অক্টোবর থেকে বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ কর্মসূচিকে ঘিরে অপপ্রচার, প্রোপাগান্ডা ও সংঘাত-সহিংসতার ঘটনায় পরিষ্কার হয়েছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত।

এমনকি আন্তর্জাতিক মহল থেকেও বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ কর্মসূচিতে সংঘাত-সহিংসতার জন্য সরকারি দলের লোকেরাই দায়ী বলে সুস্পষ্ট অভিমত ব্যক্ত করেছে। এমন পরিস্থিতিতে নাশকতার হুজুগ তুলে সরকার কি মাস্টারপ্ল্যান তৈরি করছে তা নিয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

‘পরিকল্পিত কোন ঘটনা ঘটিয়ে তার দায় বিরোধী দল বা অন্য কারও উপর চাপানোর কোন চক্রান্ত করা হচ্ছে কিনা সেটি নিয়েও জনমনে গভীর শঙ্কা তৈরি হয়েছে। সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহ ঘোষিত এক দফার দাবি আদায়ের কর্মসূচি শান্তিপূর্ণ ও জনসম্পৃক্ত। দাবি আদায় না হওয়া পর্যন্ত অশুভ পরিকল্পনা গ্রহণ, অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে কোনভাবেই গণমানুষের আন্দোলন ব্যাহত করা যাবে না।’

বিভিন্ন সংস্থা কর্তৃক কথিত নাশকতার আশঙ্কা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাদের মাস্টারপ্ল্যান বলে জনগণ মনে করে। আমরা সরকারকে গণবিরোধী এই হীন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে চলমান আন্দোলনে গণগ্রেফতার বন্ধের দাবি জানাই। একই সাথে অনতিবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ