গণতন্ত্র ধ্বংসে আ'লীগ ডামি পর্যবেক্ষকও এনেছে : এবি পার্টি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র ধ্বংসে আ’লীগ ডামি পর্যবেক্ষকও এনেছে : এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতে আওয়ামী লীগ এবার রাষ্ট্রীয় বিপুল টাকা ব্যয় করে ডামি পর্যবেক্ষক এনেছে বলে অভিযোগ করেছে এবি পার্টি।

আজ ঢাকায় আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এ অভিযোগ করেছেন দলটির নেতারা। এতে সভাপতিত্ব করেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম।

এবি পার্টি নেতারা বলেন, জনপ্রত্যাখ্যাত নির্বাচনকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা খুবই হাস্যকর এবং সরকারের দেউলিয়াত্বের প্রমাণ।

এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক বি এম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, এই প্রহসনের নির্বাচন জাতি মেনে নেয়নি, গণতান্ত্রিক বিশ্ব মেনে নেয়নি। এই অবৈধ সংসদ আমরা চলতে দিতে পারি না, আমরা গণতান্ত্রিক বিশ্বকে বলবো একটি একতরফা প্রহসনের নির্বাচনকে আপনারা স্বীকৃতি দেবেন না।

বি এম নাজমুল হক বলেন, ১৯৭১-এর পর থেকে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই তারা জনগণের অধিকার হরণ করে নিয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। জনগণের ভোটের অধিকার তারা লুট করে নিয়েছে। এখন এই সরকার পতনের আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘ফেলানী দিবসে’ প্রহসনের নির্বাচন করে আওয়ামী দখলদারদের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আওয়ামী লীগ যেন আমাদের বলছে উত্তর কোরিয়া, বার্মা, বেলারুশ আর কম্বোডিয়াতে আপনাদের স্বাগতম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ