গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঝুঁকি নিতে হবে : ড. কামাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ

গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঝুঁকি নেয়ার পরামর্শ দিয়েছেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘যুগে যুগে সাংবাদিকরা সত্য প্রতিষ্ঠায় বিভিন্ন ঝুঁকি নিয়েছেন। আতাউস সামাদের মতো আজও সাংবাদিকরা ঝুঁকি নিচ্ছে। দেশে বর্তমান অবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠায় ঝুঁকি নিতে হবে।’
সোমবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আতাউস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত “বরেণ্য সাংবাদিক আতাউস সামদের ১০তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, ‘সাংবাদিকদের জনগণের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ বাঁচিয়ে রাখতে হবে। যারা নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকবে। আন্দোলন সংগ্রামের জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে। কোন সময় আমরা দেখিনি ঝুঁকি নেওয়া ছাড়া গণতন্ত্রকে রক্ষা করা গেছে।’
সাংবাদিকদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘ঝুঁকি নেওয়ার বিষয়টি জনগণকে স্মরণ করিয়ে দিতে হবে। তারা যেন মনে না করে আমরা কিছু না করেও ঐক্য ও নিজেদের অধিকার ধরে রাখতে পারবো। যারা স্বৈরাচার এবং যা ইচ্ছে তা করতে চায় তাদেরকে তা করতে দিবো না আমরা।’
মানিক মিয়া ও আতাউস সামাদদের পথ অনুসরণ করে সাংবাদিকরা এখনো উজ্জীবিত মন্তব্য করে ড. কামাল হোসেন বলেন, ‘আমরা সারাজীবন দেখেছি তারা জীবনের ঝুঁকি নিয়ে লিখেছেন। সেই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হবে নৈতিকতা দেখিয়ে। জনগণকে সচেতন রাখতে হবে।’
স্মরণ সভায় আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমানের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, কাদের গনি চৌধুরী, শামীমা চৌধুরী, সৈয়দ দিদার বক্স প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ