গণতন্ত্র রক্ষার একমাত্র উপায় সুষ্ঠু নির্বাচন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
গণতন্ত্র রক্ষার একমাত্র উপায় সুষ্ঠু নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত সংসদই হতে পারে একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিষ্ঠান। দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জনগণের শাসনকে স্থাপন করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এছাড়া আর অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমি জানি সব প্রতিষ্ঠানে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে এটাই হবে সব থেকে বড় রক্ষাকবচ।
সন্ত্রাসী ও গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে কখনোই কোন জায়গা হবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া আছে যারা সন্ত্রাসী ও গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না।
উত্তরবঙ্গের শীতার্ত মানুষদের দ্রুত সহায়তার তাগিদ দিয়ে তিনি বলেন, দেশের এ উত্তরাঞ্চলে শীতের প্রকোপটা বেশি। সরকারিভাবে উত্তরবঙ্গের শীতের বরাদ্দ দ্রুত আসবে এমনটাই আশা ছিল। তবে এখনো যেহেতু আসেনি, তাই জেলা বিএনপি নিজস্ব অর্থায়নেই শীতার্তদের মাঝে কিছু কম্বল বিতরণ করেছে। তবে আশা করছি অসহায় এসব মানুষ দ্রুত সরকারি সহযোগিতা পাবে।
জনতার আওয়াজ/আ আ