গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনকে (ইসি) গণভোটের প্রস্তুতি নিতে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই চিঠিতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শনিবার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে—গণভোট করা ইসির দায়িত্ব। এ ক্ষেত্রে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের কথা বলা হয়েছে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনও জানান, সরকারি নির্দেশনা পাওয়ার পর কমিশন গণভোটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
গণভোটের আইন পাসের অপেক্ষায় কমিশন
শনিবার বিকেলে রাজধানীতে ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’–এর (এএনএফআরইএল) কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সিইসি বলেন, আগামী সপ্তাহেই গণভোটের আইন পাস হবে বলে আশা করা হচ্ছে। আইন পাস হলেই কমিশন প্রস্তুতি শুরু করবে।
তিনি বলেন, আইন না হওয়া পর্যন্ত কমিশন এ বিষয়ে কাজ করতে পারবে না। আইন পাস হলে সেই অনুযায়ী আমরা গণভোটের প্রস্তুতি নেব। গণভোট হলে চারটি পয়েন্টে ‘হ্যাঁ/না’ ভোট হবে। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি আরও বলেন, এ ধরনের মুখোমুখি পরিস্থিতি পূর্ববর্তী কোনো নির্বাচন কমিশনকে সামাল দিতে হয়নি। আমাদের দ্বিতীয় কোনো অপশন নেই—সবই আইন মেনে করতে হবে।
সিইসি আরও জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কঠোর যাচাই-বাছাই করে প্রায় ২১ লাখ মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে সামাজিক মাধ্যমে অপপ্রচার রোধ করা কঠিন হবে—এটিও নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ।
এ সময় পোস্টাল ভোটিং সম্পর্কে নিয়ে সিইসি বলেন, যাচাই-বাছাই ছাড়া শুধুমাত্র পাসপোর্টের ভিত্তিতে এই সুবিধা দেওয়া যাবে না, কারণ বিদেশে অন্য দেশের নাগরিকের বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারের নজির রয়েছে। নির্বাচন কমিশন যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছে বলেও তিনি জানান।
ইসি জানিয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
জনতার আওয়াজ/আ আ