গণমাধ্যম সংস্কারে ১১ সদস্যের কমিশন গঠন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
গণমাধ্যম সংস্কারে ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিশন গঠন করেছে সরকার। এই কমিশনের প্রধান করা হয়েছে সাংবাদিক কামাল আহমেদকে। গণমাধ্যম সংস্কার কমিশনের কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করা হয়েছে।
কমিশনপ্রধান কামাল আহমেদ ছাড়া কমিশনে সদস্য হিসেবে থাকবেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সচিব আখতার হোসেন খান, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো)-এর একজন প্রতিনিধি, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, সাংবাদিক ও মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক দিমি আমির, দ্য ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।
এই কমিটিকে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করতে বিধান রাখা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ