গণসমাবেশে অংশ নিতে বরিশাল পৌঁছেছেন মির্জা ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণসমাবেশে অংশ নিতে বরিশাল পৌঁছেছেন মির্জা ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ

 

গণসমাবেশে অংশ নিতে বরিশাল পৌঁছেছেন মির্জা ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।

আজ শুক্রবার (০৪ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছান তাঁরা।

বিএনপি নেতাদের এ দলের মধ্যে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

বরিশাল বিমানবন্দরে তাঁদের বরণ করে নেন গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, জয়নুল আবেদিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান, মজিবর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলিকস আক্তার জাহান, মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান, সদস্যসচিব মীর জাহিদুল কবির প্রমুখ। এ সময় নেতা-কর্মীদের ভিড় সামলাতে নিরাপত্তাকর্মীদের হিমশিম খেতে দেখা যায়।

বিএনপির গণসমাবেশস্থলে আজ শুক্রবার সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপির নেতা-কর্মী, সমর্থকেরা আসতে শুরু করেন। গতকাল বৃহস্পতিবার রাতে সেখানে কয়েক হাজার নেতা-কর্মী রাত যাপন করেছেন।

বাস চলাচল বন্ধ থাকায় গণসমাবেশে যোগ দিতে বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা যে যেভাবে পারছেন আসছেন। কেউ মাইক্রোবাসে, কেউ ছোট ট্রাকে, ট্রলার এবং মালবাহী কার্গো জাহাজে করে শত শত নেতা-কর্মীকে আসতে দেখা গেছে। সমাবেশস্থলের কাছে কীর্তনখোলা নদীর চাঁদমারী ও কেডিসি ঘাটে নেমে মিছিল নিয়ে বঙ্গবন্ধু উদ্যানে আসছেন তাঁরা। অনেককেই সঙ্গে বিছানাপত্র, শুকনা খাবার ও পানি রাখতে দেখা গেছে।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, বাস, লঞ্চ, তিন চাকার যান বন্ধ করে মানুষকে আটকে রাখা যাবে না। সমাবেশস্থলে প্রায় ৫০ হাজার মানুষ সমবেত হয়েছেন।

এদিকে আজ বিকেল থেকে বরিশাল মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন মহল্লায় মোটরসাইকেল নিয়ে মিছিল ও মহড়া দিতে শুরু করেছেন। এ সময় তাঁরা বিএনপিবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ