গণ আন্দোলনের মধ্যে দিয়ে এ সরকারকে পতন ঘটাতে হবে: দুদু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ

দুর্বার গণ আন্দোলনের মধ্যে দিয়ে এ অবৈধ সরকারকে পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ক্ষমতাসীন আওয়ামী লীগকে কর্তৃত্ববাদী উল্লেখ করে তিনি এসব কথা বলেন।
শনিবার (৭ জানুয়ারি) বিকাল তিনটার সময় কক্সবাজার শহরের অভিজাত হোটেল বিচ ভিউ হলরুমে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্র ঘোষিত আন্দোলনের ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ‘কর্তৃত্ববাদী সরকার দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় গিয়ে বিরোধী দলসহ ভিন্ন মতাবলম্বীদের রাজনৈতিকভাবে নির্মূলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বিরোধী দলকে দমন করতে দেশব্যাপী নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন, হামলা, মামলা, গুম, খুন চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন সরকার। দেশে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট চলছে। হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। তাই সময় এসেছে, দেশের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার।’
তিনি আরও বলেন, ‘এ লক্ষ্যে বিএনপিসহ সমমনা দলগুলো ১০ দফা ও রাষ্ট্রকাঠামো রূপরেখা দিয়েছে। সেই রূপরেখা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা চাচ্ছি সংবিধান সংশোধন করে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য, কিন্তু সরকার সংবিধান সংশোধন করার পক্ষে নয়, তারা সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের মধ্যে দিয়ে আর একটা পাতানো নির্বাচন আয়োজন করতে চাচ্ছে। এ দেশের জনগণ এটা কোনো দিনই মেনে নেবে না।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল হুদা চৌধুরী,কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ওকক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী প্রমুখ।
উক্ত আলোচনা সভায় উপজেলা ও পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ