গাইবান্ধার উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে গেছে : সিইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধার উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে গেছে : সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১২, ২০২২ ১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১২, ২০২২ ১:৪৪ অপরাহ্ণ

 

অনিয়মের অভিযোগে গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচনে, ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নির্বাচন।

বুধবার (১২ অক্টোবর) সকাল থেকে সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করেন সিইসি ও অন্য কমিশনাররা। অনিয়মের ছবি ধরা পড়ায় কেন্দ্রগুলো বন্ধ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, নির্বাচন, নির্বাচনের মতোই করতে চায় কমিশন।

এর আগে, বুধবার সকাল ৮টা থেকে গাইবান্ধা-৫ ফুলছড়ি সাঘাটা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলার কথা ছিল। তবে ইভিএম মেশিনে জটিলতার কারণে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণে বিলম্ব হচ্ছে বলে জানা যায়।

সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১৪৫টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে ইভিএমে। ১৪২ কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

এর মধ্যে সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার সাতটিসহ মোট ১৭টি ইউনিয়ন নিয়ে মিলে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন।

গত ২২ জুলাইয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটিকে শূন্য ঘোষণা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ