গাইবান্ধা নির্বাচন বন্ধের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ, অবরোধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধা নির্বাচন বন্ধের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ, অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১২, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১২, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ

 

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণার প্রতিবাদে দুই উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। একইসঙ্গে সিইসি কাজী হাবিবুল আউয়ালের শাস্তির দাবি করেছেন তারা।

বুধবার বেলা দুইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধের ঘোষণা দেন। ভোট বন্ধের খবরে বেলা তিনটার দিকে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল বের হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন।

আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসানের কর্মী-সমর্থকরা পরিষদের সামনে সড়কে অবস্থান নেন। পরে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দিনের বেশির ভাগ সময় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন বন্ধ ঘোষণার কোনো কারণ নেই।

একই সময় সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে খণ্ড খণ্ড মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার সাঘাটা-বোনারপাড়া সড়কের চৌমাথা মোড়ে অবস্থান নেন তারা।

এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনারের শাস্তি চেয়ে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ করতে থাকেন। এরপর মিছিলটি সাঘাটা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৯৮ জন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান, জাতীয় পার্টির (জাপা) মনোনীত এ এইচ এম গোলাম শহীদসহ উপনির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইভিএমের মাধ্যমে ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ভোট গ্রহণ করার কথা ছিল।

এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ