গাছ লাগাতে জনগণকে উদ্বুদ্ধ করতে পারে গণমাধ্যম: পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, দেশের পরিবেশের বিভিন্ন সমস্যা তুলে ধরার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করে গণমাধ্যম বন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশকে বায়ুদূষণ, শব্দদূষণ মুক্ত রাখতে গণমাধ্যম আরও জোরালো ভূমিকা রাখতে পারে। বেশি বেশি গাছ লাগাতে জনগণকে উদ্বুদ্ধ করতে পারে গণমাধ্যম।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আইডিইবি মিলনায়তনে দৈনিক সকালের সময়ের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবাদপত্রটির কর্তৃপক্ষ এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, সকল দেশীয় গণমাধ্যমের উচিত বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা।
শাহাব উদ্দিন বলেন, অসহায় মানুষের কথা তুলে ধরে তার জীবন আলোকিত করতে পারে গণমাধ্যম। দেশকে মনে প্রাণে ভালোবাসতে হবে, সাংবাদিকের লেখনী দেশের উন্নয়ন, জাতির উন্নয়নের কথা লিখবে। দেশ যাতে আরও উন্নত স্মার্ট বাংলাদেশে পরিণত হতে পারে সে বিষয়ে লিখতে হবে।
দৈনিক সকালের সময় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক নুর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু এবং আইডিইবি এর সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ